জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অভিযোগ করেছেন টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।আজ বৃহস্পতিবার সকালে দলের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। আগামী শনিবার অনুষ্ঠেয় টিপাইমুখ অভিমুখে জাতীয় পার্টির লংমার্চ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সাবেক রাষ্ট্রপতি দাবি করেছেন, টিপাইমুখে বাঁধ নির্মিত হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, এ মর্মে একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় ভারতের কাছ থেকে নিশ্চয়তা আদায় করতে হবে। তিনি বলেন, ‘টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে দেশের মানুষ উত্কণ্ঠায় আছে। আমরাও চরমভাবে উদ্বিগ্ন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছিলেন টিপাইমুখ বাঁধ প্রকল্পে এমন কিছু করা হবে না, যাতে বাংলাদেশের ক্ষতি হয়। ঢাকায় আমার সঙ্গে বৈঠকেও মনমোহন সিং একই ধরনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে দেখলাম টিপাইমুখ বাঁধ নিয়ে একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়েছে। আমরা মনে করি যে আশ্বাস তিনি (মনমোহন সিং) দিয়েছেন, তা ভঙ্গ হয়েছে।’এরশাদ বলেন, টিপাইমুখে বাঁধ নির্মিত হলে ফারাক্কার মতো সিলেটের নদী-হাওর শুকিয়ে যাবে। সামগ্রিকভাবে ব্যাহত হবে জীবন ও জীবিকা।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি আশা করব, বন্ধুত্বের ক্ষতি হয় এবং দ্বিপক্ষীয় সম্পর্কে ফাটল ধরে এমন কিছু ভারত করবে না। এই বাঁধ নিয়ে একটি যৌথ সমীক্ষা হওয়া উচিত। সমীক্ষা থেকে উঠে আসবে এর ভালো দিক, মন্দ দিক। আর এ সমীক্ষাটি জনসমক্ষে প্রকাশ করতে হবে। তারপর যদি এতে ক্ষতিকারক কিছু না থাকে, তবে দুই দেশের সম্মতিতে টিপাইমুখ প্রকল্প হতে পারে।’এরশাদ আরও বলেন, ‘টিপাইমুখে প্রকল্প বাস্তবায়িত হলে চাষাবাদের জন্য অন্যত্র পানি সরিয়ে নেওয়া হবে না, এ বিষয়ে ভারতের কাছ থেকে নিশ্চয়তা চাই। একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় এ নিশ্চয়তা আদায় করতে হবে। টিপাইমুখের প্রকল্পটি বাস্তবায়িত হবে একটি অভিন্ন নদীতে। তাই অভিন্ন নদীর ওই প্রকল্প থেকে বিদ্যুত্ কেনার ব্যাপারে ন্যায্য হিস্যা চাই।’ তাঁর মতে, নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করতে হবে। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি না হলে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত। এ মুহূর্তে বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। যদি এতে সমাধান না হয়, তাহলে আন্তর্জাতিক আদালতে যাব। সমুদ্রসীমার নিষ্পত্তির জন্য আমরা আলোচনা চালিয়েছি। কিন্তু আলোচনার বিষয়টি সুরাহা না হওয়ায় আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি।’ টিপাইমুখ অভিমুখে জাতীয় পার্টির রোডমার্চ আগামী শনিবার সকাল সাতটায় বনানী থেকে শুরু হবে। পরে এদিন বিকেলে সিলেটের মাদ্রাসা ময়দানে জনসভা হবে। পরদিন অর্থাত্ আগামী রোববার সিলেট থেকে জকিগঞ্জ অভিমুখে যাত্রা করবে ওই রোডমার্চ। পরে জকিগঞ্জ উপজেলা সদরে অনুষ্ঠিত হবে জনসভা।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।