ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এই সফরে আসবেন। গতকাল সফরসূচি চূড়ান্ত করার পর শেখ হাসিনাকে ফোন করেন মনমোহন সিং।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল সাংবাদিকদের জানান, মনমোহন সিং গতকাল রাত আটটায় শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে টেলিফোন করে তাঁর সঙ্গে কথা বলেন। আলাপকালে মনমোহন সিং শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণ খুবই শান্তিপ্রিয় এবং সব প্রতিবেশীর প্রতি বন্ধুভাবাপন্ন।বাসস জানায়, মনমোহন সিং ফোনে হাসিনাকে বলেন, বাংলাদেশ সফরের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জবাবে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এবং বাংলাদেশের জনগণও তাঁকে স্বাগত জানাতে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। মনমোহন সিং আশা প্রকাশ করে বলেন, তাঁর আসন্ন বাংলাদেশ সফর সব দিক থেকেই দুই দেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে। তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। মনমোহন সিং শেখ হাসিনাকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র সুসংহতকরণ এবং অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠায় তাঁর সরকার সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবে। মনমোহনের সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার জানিয়েছে, তাঁর এই সফর বহুমাত্রিক সহযোগিতার দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।প্রায় এক যুগ পর এটি হবে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় বাংলাদেশ সফর। ১৯৯৯ সালের ১৯ জুন দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি। ওই সময় তিনি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিসের উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এটি হবে দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০০৫ সালের নভেম্বরে ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন তিনি। সেটি ছিল তাঁর বহুপক্ষীয় সফর।এদিকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় এবং মনমোহনের সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য কাল বুধবার তিন দিনের সফরে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। তিনি বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এই মাসে ভারতের কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ঢাকা সফরে আসছেন।এদিকে মনমোহনের সফরের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল দুপুরে পশ্চিমবঙ্গে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভী। জানা গেছে, তিস্তার পানিবণ্টন চুক্তি সইয়ের বিষয়ে তাঁরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে মনমোহন সিং ৬ ও ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই পক্ষ ভারতীয় প্রধানমন্ত্রীর সফরটি ফলপ্রসূ ও সফল করতে কাজ করছে। আসন্ন সফরের সময় দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় যেমন: বাণিজ্য, যোগাযোগ, পানিসম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ, সীমান্ত চিহ্নিতকরণ, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, শিক্ষা ও সংস্কৃতি খাতে সহযোগিতা এবং দুই দেশের জনগণের যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। দুই প্রধানমন্ত্রী গত বছরের জানুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত পর্যালোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে কথা বলবেন।ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফর: পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাল দুপুরে বিশেষ বিমানে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। তিনি আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। জানা গেছে, দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা করবেন। এর পাশাপাশি আসন্ন শীর্ষ বৈঠকের ঘোষণার বিষয়বস্তু নিয়ে কথা বলবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। দীপু মনি ও এস এম কৃষ্ণার বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তি সই, সীমান্তের অমীমাংসিত সমস্যার চূড়ান্ত সমাধানে পৌঁছার পাশাপাশি ভারতকে ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পাবে।এ ছাড়া এস এম কৃষ্ণা রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও তাঁর বৈঠক হবে। এস এম কৃষ্ণা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য দেবেন ও বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। তিন দিনের সফরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় আর্থিক সহায়তায় নির্মিত কলা ভবনের ফলক উন্মোচন করবেন। সফরের শেষ দিনে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।এস এম কৃষ্ণা তাঁর বাংলাদেশ সফর সম্পর্কে গতকাল বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি জানান, এই সফরের সময়ে বেশ কিছু দ্বিপক্ষীয় নথিতে সই করবেন তিনি।