মনমোহন সিংয়ের সফরে ট্রানজিট চুক্তি সই হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় ট্রানজিট নিয়ে কোনো চুক্তি সই হবে না। ভারতের সঙ্গে ট্রানজিট নিয়ে নতুন করে কোনো চুক্তি সইয়ের প্রয়োজন নেই। ১৯৭৪ সালে সম্পাদিত বাণিজ্য ও ট্রানজিট চুক্তির আওতায়ই বিষয়টির সুরাহা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর এক রেস্তোরাঁয় ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ইফতারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ মন্তব্য করেন। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টার এ মন্তব্য থেকে এটা স্পষ্ট যে মনমোহন সিংয়ের সফরের সময় চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে কোনো চুক্তি সই হচ্ছে না। তবে সরকারের একটি মহল, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকে ট্রানজিট দেওয়ার বিষয়ে যে রূপরেখা চুক্তি সইয়ের কথা বলছেন, সে বিষয়ে উপদেষ্টা সুস্পষ্টভাবে কিছু বলতে পারেননি। গওহর রিজভী বলেন, ‘এ সফরে কিছুই চূড়ান্ত হবে না। কারণ, চূড়ান্ত করার তো কিছু নেই। ট্রানজিটের বিষয়টি তো চুয়াত্তরের চুক্তিতেই আছে। এখন কীভাবে ও কোন প্রক্রিয়ায় হবে, তা চূড়ান্ত করতে হবে। তবে তার আগে আমাদের অবকাঠামো উন্নয়ন করতে হবে। আর ভারতসহ যারা এ সুবিধা ব্যবহার করবে, তারা আমাদের মাশুল দেবে।’ মাশুল নির্ধারণের জন্য সরকারের গঠন করা বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যেই প্রতিবেদন জমা দিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সবকিছু বিশ্লেষণ শেষে সরকার মাশুলের হার চূড়ান্ত করবে। তবে এটি যাতে প্রতিযোগিতামূলক হয়, সেটি বিবেচনায় রাখতে হবে। কারণ, আমরা যদি এমন কোনো হার নির্ধারণ করি, যাতে কেউ আমাদের ভূখণ্ড ব্যবহার করল না, তবে তো অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ভেস্তে যাবে।’ট্রানজিট নিয়ে সম্পাদিত বিভিন্ন সমীক্ষার প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত যে হিসাব, তাতে অবকাঠামো উন্নয়নের বিনিয়োগ সাত থেকে ১৫ বছরের মধ্যে উঠে আসবে।’ বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে গওহর রিজভী বলেন, ‘আলোচনা ক্যামেরার সামনে হয় না। মনমোহনের সফরে যেসব সমঝোতা স্মারক সই হবে, তা জনসমক্ষে প্রকাশ করা হবে; যা সংসদে তোলা উচিত, তা সংসদে তোলা হবে। এর মধ্যে কোনো গোপনীয়তার আশ্রয় নেওয়া হবে না। গোপনে সবকিছু হচ্ছে বলে যেসব মন্তব্য করা হয়, তা শুধু বিভ্রান্তি ছড়ানোর জন্যই করা হয়।’ট্রানজিট ও করিডরকে ‘গুলিয়ে ফেলায়’ উপদেষ্টা বিরোধী দলের জ্ঞানের গভীরতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘ভারতকে আমরা করিডর দিচ্ছি বলে যাঁরা অপপ্রচার চালান, তাঁরা করিডরের সুনির্দিষ্ট অর্থ না বুঝেই মন্তব্য করেন। করিডর দেওয়ার মানে কোনো দেশকে বিশেষ কোনো অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া, দেশের সার্বভৌমত্ব দিয়ে দেওয়া। কিন্তু ভারতের ক্ষেত্রে তো আমরা তা করছি না। কাজেই এসব কথা যাঁরা বলেন, তাঁরা বিতর্ক উসকে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন।’গহওর রিজভী বলেন, ‘অনেকেই হয়তো মনে করেন, ৭ সেপ্টেম্বরের পর ভারতের সাত লাখ ট্রাক বাংলাদেশের রাস্তায় চলাচল করবে। ব্যাপারটা তো তা নয়। আমাদের যোগাযোগ অবকাঠামো তৈরির পর ভারতকে ট্রানজিট দেওয়া হবে। প্রথমে নৌপথে, তারপর রেলপথ ও সবশেষে সড়কপথে ভারতকে ট্রানজিট দেওয়া হবে। এতে দুইভাবে আমরা উপকৃত হব। প্রথমত, আমাদের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন হবে। দ্বিতীয়ত, মাশুল আদায়ের মাধ্যমে আমাদের অনেক টাকা আয় হবে।’ ডিকাব সভাপতি রাহীদ এজাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মজিদ।