মনমোহন সৎ: সোনিয়া
ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ‘সৎ মানুষ’ বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ভারতের পরমাণু চুক্তি বিষয়ে আলোচনাকালে সোনিয়া গান্ধী মনমোহন সিংকে নিয়ে এমন মত প্রকাশ করেন। ২০০৭ সালে ওয়াশিংটনে পাঠানো মার্কিন গোপন তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। উইকিলিকস সম্প্রতি ওই তারবার্তাটি ফাঁস করে।আলোচনাকালে মার্কিন কর্মকর্তারা সোনিয়াকে জানান, মনমোহন সিংয়ের যুক্তরাষ্ট্র সফরকালে ওয়াশিংটন তাঁকে ভালোভাবেই অভ্যর্থনা জানাবে। এর প্রতিক্রিয়ায় সোনিয়া গান্ধী মনমোহন সম্পর্কে বলেন, ‘আমরা সবাই তাঁকে বিশ্বাস করি। কারণ, তিনি সরল ও খোলামেলা।’মনমোহন সিং সম্পর্কে সোনিয়া মার্কিন রাষ্ট্রদূতদের আরও বলেন, ‘এমন মানুষ রাজনীতিতে খুঁজে পাওয়া কষ্টকর।’