মনমোহনকে পদত্যাগপত্র দিলেন তৃণমূলের মন্ত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভারতের খুচরা ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে অবশেষে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের রেলমন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রী। আজ শুক্রবার বিকেল চারটার দিকে মন্ত্রীরা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দিল্লির বাসভবনে গিয়ে পদত্যাগপত্র হস্তান্তর করেন।এই পদত্যাগপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকারের সঙ্গে মমতার সোয়া তিন বছরের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। পদত্যাগকারীরা হলেন: রেলমন্ত্রী মুকুল রায় এবং প্রতিমন্ত্রী, সৌগত রায় (নগরোন্নয়ন), শিশির অধিকারী (গ্রামোন্নয়ন), সুলতান আহমেদ (পর্যটন), চৌধুরী মোহন জাটুয়া (তথ্য ও সম্প্রচার) ও সুদীপ বন্দ্যোপাধ্যায় (স্বাস্থ্য)।১৩ ও ১৪ সেপ্টেম্বর ইউপিএ সরকারের ঘোষিত দুটি সিদ্ধান্তের প্রতিবাদে মমতা ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ১৩ সেপ্টেম্বর ইউপিএ সরকার ডিজেলের মূল্য লিটারপ্রতি পাঁচ রুপি বাড়ায় এবং রান্নার গ্যাসে ভর্তুকি কমিয়ে প্রতিবছর প্রতি পরিবারকে ছয়টি গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ১৪ সেপ্টেম্বর ভারতের খুচরা ব্যবসায়ে বিদেশি পুঁজি বিনিয়োগের অনুমতি দেয়। এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মমতা কেন্দ্রীয় সরকারকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত সময় দেন। এই সময়ে কেন্দ্রীয় ইউপিএ সরকার মমতার ডাকে সাড়া না দিলে তিনি ১৮ সেপ্টেম্বর মন্ত্রিসভা থেকে তাঁর দলীয় মন্ত্রীদের পদত্যাগের কথা ঘোষণা করেন। একই সঙ্গে ইউপিএ সরকারের ওপর থেকে তাঁর দলের সমর্থন প্রত্যাহার করেন। ঘোষণা অনুযায়ী, আজ মমতার দলীয় ছয়জন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন।এদিকে পদত্যাগপত্র জমা দেওয়ার পরেই ছয় মন্ত্রীর রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির কাছে যাওয়ার কথা। সেখানে তাঁরা রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় ইউপিএ সরকারের ওপর থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থন প্রত্যাহারের চিঠি তুলে দেবেন। এর পরই সংবাদ সম্মেলন করবেন তৃণমূলের বিদায়ী মন্ত্রীরা।