মনমোহনের জবাব ঢাকায় পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে উদ্বেগ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দেওয়া বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিঠির জবাব পাঠানো হয়েছে। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আজ শনিবার চিঠিটি বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে বলেন, ২২ নভেম্বর যৌথ জরিপের আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে চিঠি পাঠান খালেদা জিয়া। আজ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে চিঠিটি গুলশানের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। তবে রোডমার্চের জন্য চেয়ারপারসন ঢাকার বাইরে থাকায় চিঠিটি খোলা হয়নি। তিনি ফিরলে চিঠি খোলা হবে। তখন এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত থেকে পাঠানো চিঠিতে টিপাইমুখ বাঁধ বিষয়ে ভারতের সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। দিল্লি থেকে চিঠিটি ২৪ নভেম্বর পাঠানো হয়। আজ সেটি ঢাকায় পৌঁছালে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।চিঠির বিষয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘খালেদা জিয়া বলেছেন—আমরা মনে করি, টিপাইমুখ বাঁধ নির্মাণে যৌথ জরিপ হওয়া প্রয়োজন। দুই দেশের মধ্যে আলোচনা করে এর সমাধান করতে হবে। এখনো সময় আছে, টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ করুন।’ এ নিয়ে বাংলাদেশের পরিবেশবিদদের উদ্বেগের বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়।