মনমোহনের ঢাকা সফর দুই-তিন মাসের মধ্যে
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর সামনে রেখে দুই দেশের পররাষ্ট্রসচিবেরা আগামী ৭ ও ৮ জুন ঢাকায় দুই দিনের বৈঠকে মিলিত হচ্ছেন। ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও আগামী ৬ জুন ঢাকা পৌঁছাতে পারেন।আশা করা হচ্ছে, এই বৈঠকের মধ্য দিয়ে যে গতিশীলতার সূচনা ঘটবে, তার ধারাবাহি১কতায় বহু প্রতীক্ষিত শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলেছে, ভারতীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবিত বাংলাদেশ সফর প্রত্যাশিত সময়ের চেয়ে সামান্য পিছিয়ে গেছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম গতকাল প্রথম আলোকে জানান, দুই থেকে তিন মাসের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে যাবেন। তবে সেই বৈঠকে বাংলাদেশের অনুকূলে অবশ্যই উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে। এ লক্ষ্যে উভয় তরফে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি এ প্রসঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের মতোই উল্লেখযোগ্য হবে বলে আস্থা প্রকাশ করেন।এক প্রশ্নের জবাবে তারিক এ করিম বলেন, দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বছরে একবার পর্যালোচনা বৈঠক অনুষ্ঠানের একটি প্রতিষ্ঠিত নিয়ম বিদ্যমান। কিন্তু বহু বছর ঢাকা-দিল্লি সেই বৈঠক হয়নি। সর্বশেষ বৈঠক হয়েছিল দিল্লিতে। সে কারণে প্রটোকল অনুযায়ী এবার ঢাকায় হচ্ছে সেই বৈঠক। উল্লেখ্য, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসবে। আগামী দুই মাসে ঢাকায় একাধিক ভারতীয় মন্ত্রীর পদচারণের আশা করা হচ্ছে। একই সঙ্গে চলবে কর্মকর্তা পর্যায়ে বৈঠক। কয়েক দিন আগে অপদখলীয় এলাকা চিহ্নিতকরণে দুই দেশের মধ্যে যৌথ জরিপ কাজ শুরু হয়েছে। জরিপ দলটি এখন মেঘালয়ে আছে। এর পরই হবে ছিটমহলে লোক গণনা। শীর্ষ বৈঠকের আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ও পানিসম্পদমন্ত্রী সালমান খুরশীদ বাংলাদেশ সফরে যেতে পারেন। এ ছাড়া সফরের অব্যবহিত আগে ঢাকায় যাবেন ভারতের পরররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ। গত জানুয়ারিতে তিনি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে প্রথম ঘোষণা দেন, ২০১১ সালের কোনো একসময় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন।বাংলাদেশের হাইকমিশনার জানান, ভারত সরকার তার সীমান্তজুড়ে মানুষ ও পণ্য চলাচলে উপযোগী ১৩টি আইসিপি (ইন্টেগরেটেড চেক পোস্ট) স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে চারটি নেপাল, একটি করে মিয়ানমার ও পাকিস্তানে এবং সর্বাধিক পাঁচটি বাংলাদেশ সীমান্তে স্থাপন করা হবে। এর ফলে সীমান্তে এসে দিনের পর দিন আমদানি করা পণ্য আটকে থাকবে না। পণ্যের দামেও এর ইতিবাচক প্রভাব পড়বে। বেনাপোলের মতো দু-একটি জায়গা আইসিপি হিসেবে পরিচিত। অন্যগুলো শুধু কাস্টমস। শুধু আইসিপি দিয়েই মানুষ ও পণ্য উভয় চলাচলের ব্যবস্থা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ১৭ মে ত্রিপুরায় সাড়ে ৭৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ বাংলাদেশ সীমান্তের প্রথম আইসিপি উদ্বোধন করেন। ১৪ মাসের মধ্যে এটা শেষ হবে।