মনমোহনের নীরব থাকার সুযোগ নেই
ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আজ সোমবার বলেছে, কয়লাখনি বরাদ্দে ভুলের অভিযোগের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নীরব থাকার সুযোগ নেই। টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধী দলের নেতা অরুণ জেটলি সাংবাদিকদের বলেন, কয়লাখনি বরাদ্দে সিরিজ অভিযোগ থাকলেও প্রধানমন্ত্রীর কোন জবাব নেই। তিনি নীরব থাকার অধিকারের কথা বলেছেন। অথচ নীরব থাকার অধিকার কেবল আদালতে একজন অভিযুক্তের থাকে। তবে প্রধানমন্ত্রীর সে সুযোগ নেই। তিনি বলেন, মনমোহন সবচেয়ে দায়িত্বপূর্ণ দপ্তরের কর্তা। তাই দায়িত্বশীলতা এবং নীরবতা একসঙ্গে চলতে পারে না। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে নীতিগত কোন পরিবর্তন আনা হবে না উল্লেখ করে বিজেপি নেতা বলেন, ‘পার্লামেন্টে কয়লাখনি ইস্যুতে আলোচনার জন্য দুইটি পূর্বশর্ত দেওয়া হয়েছে। তবে দুইটি পূর্ব শর্ত দেওয়ার অর্থ এই নয় যে তৃতীয়টি বাদ দেওয়া হবে।’ এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম বিজেপি উত্থাপিত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগের দাবিকে ‘নির্লজ্জতা’ বলেছেন। তিনি বলেন, অনেক দেরিতে বিজেপি কয়লাখনি বরাদ্দ বিষয়ে তদন্তের দাবি করেছে। এর আগেই ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) তদন্ত শুরু করেছে।’চিদাম্বরম বলেন, ২০০৪ সালে সরকারিভাবে দেওয়া ১৪২টি কয়লাখনির বরাদ্দ বাতিলের দাবি যৌক্তিক নয়। কোন মনগড়া বা স্বেচ্ছাচারী উপায়ে এ বরাদ্দ বাতিল করা যাবে না। তিনি বলেন, বরাদ্দ বাতিলের একটি প্রক্রিয়া আছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন।