মনমোহনের বাংলাদেশ সফর ‘খুব, খুব ভালো হয়েছে’
বাংলাদেশ সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বিরোধী দলের তোপের মুখে পড়লেও এ সফরের কারণেই তাঁর প্রশংসা করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজ। মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকে ‘খুব, খুব ভালো হয়েছে’ বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল বুধবার বার্তা সংস্থা পিটিআইয়ে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে।ভারতের বিদেশ নীতির ওপর গুরুত্বারোপ করে সুষমা বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভারতের বৈদেশিক নীতি খুবই ভালো। আর এই বৈদেশিক নীতির রূপরেখা দেশের স্বার্থেই করে থাকে কেন্দ্রীয় সরকার। এ ক্ষেত্রে কোন সরকার ক্ষমতায় তা কোনো ব্যাপার নয়।তবে চীনের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়টি খুবই সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে বলেও জানান এই বিজেপি নেতা।সুষমা স্বরাজ বলেছেন, বাংলাদেশ সফরে মনমোহন সিংয়ের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলে বিষয়টি আরও ভালো হতো। ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্কটা বেশ শক্তিশালী। প্রধানমন্ত্রী মমতাকে সফরে নিয়ে যেতে পারলে হয়তো তিস্তার পানি বণ্টন চুক্তিটা হতো। সেটা আসলেই খুব ভালো হতো। যোগাযোগের অভাবের কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রতিনিধিদলের সঙ্গে যেতে পারেননি। আর এ কারণেই হয়তো প্রধানমন্ত্রী ভেবেছেন চুক্তিটি পরে করাটাই ভালো। এটা কিন্তু শেষ নয়। তবে শুরুটা বেশ ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন সুষমা স্বরাজ।সুষমা স্বরাজ বিরোধীদলীয় নেতা হিসেবে এখন সিঙ্গাপুর সফরে আছেন। সেখানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।