মনমোহনের বাড়ির সামনে আন্নার সমর্থকদের বিক্ষোভ, আটক ৪৬
টিম আন্নার প্রায় অর্ধশত সমর্থক আজ শনিবার বিকেলে আকস্মিকভাবে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাঁদের সবাইকে আটক করে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে আজ বলা হয়, বিক্ষোভকারীরা নয়াদিল্লির ৭ রেসকোর্স রোডে মনমোহন সিংয়ের বাড়ির সামনে সন্ধ্যা ছয়টার দিকে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। তবে পুলিশ খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ জানিয়েছে, তারা ৪০ জন পুরুষ ও ছয়জন নারীকে আটক করেছে। তাঁদের দক্ষিণ দিল্লির চাণক্যপুরি থানায় নেওয়া হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মনমোহনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাঁরা দাবি করেন, মনমোহন কয়লামন্ত্রী থাকার সময় কয়লা ব্লক বরাদ্দে অনিয়ম করেছেন। তাঁরা শক্তিশালী লোকপাল আইন প্রণয়নের দাবিও জানান।নিরাপত্তাবেষ্টনীর ভেতরে ঢুকে বিক্ষোভকারীদের কেউ কেউ আকাশে পুস্তিকা ছুড়ে মারতে থাকেন, একদল বন্ধ সদর দরজা বেয়ে ওঠার চেষ্টা করে, কেউ আবার কয়লার ঠুকরা বাড়ির ভেতরে ছুড়তে থাকেন। আরেক দল বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর বাসার সামনের রাস্তায় শুয়ে পড়েন। কয়েক মিনিটের জন্য ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।টিম আন্নার একজন সদস্য ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) বলেন, ‘মনমোহন সিংয়ের কয়লা ব্লক বরাদ্দের প্রতিবাদে আমাদের কিছু সদস্য ৭ রেসকোর্স রোডে গেছে বলে আমরা জেনেছি।’ টিম আন্না অভিযোগ করে আসছেন, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত কয়লামন্ত্রী থাকার সময় মনমোহন সিং কয়েকটি কয়লা ব্লক নামমাত্র মূল্যে বেশ কিছু অখ্যাত কোম্পানিকে বরাদ্দ দেন।এর আগে আন্না হাজারে এক সমাবেশে ঘোষণা করেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভারতের পার্লামেন্টে লোকপাল বিল উত্থাপিত না হওয়ায় তিনি আগামীকাল রোববার তাঁর পূর্বঘোষিত আমরণ অনশন শুরু করতে যাচ্ছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে আজ শনিবার বলা হয়, হাজারের কর্মসূচিতে লোকসমাগম অনেক কম হলেও তিনি তাঁর সিদ্ধান্তে অটল।কংগ্রেস ও বিজেপির হাতে ভারতের ভবিষ্যত্ নিরাপদ নয়, দাবি করে এই দুই প্রভাবশালী দলের ব্যাপক সমালোচনা করেন আন্না। আসছে নির্বাচনে অংশ না নিলেও তিনি যে জনগণের বাছাই করা প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন তা পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেন, লোকপাল বিলের বিষয়ে সরকার জনগণের সঙ্গে ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে। তাই তাঁকে বারবার অনশন করতে হচ্ছে, যা মোটেই ‘সুখকর’ নয়। আজ বিকেলে প্রায় এক হাজার শ্রোতার সামনে আন্না ঘোষণা করেন, ‘জনলোকপাল না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।’ সরকারকে আন্নার বেঁধে দেওয়া চার দিনের সময় আজ শেষ হচ্ছে। রাজনৈতিক বিকল্পের প্রশ্নে ৭৪ বছর বয়সী আন্না বলেন, সত্ লোকেরা পার্লামেন্টে না গেলে সরকার ব্যবস্থা বদলাবে না এবং শক্তিশালী লোকপাল প্রতিষ্ঠিত হবে না।আন্না বলেন, একটি ভোটের জন্য ভোটারদের ১৫ থেকে ৩০ হাজার রুপি দেওয়া হয়। প্রার্থীরা ভোটে জিতে বিপুল অর্থ তুলে নেন। এত অর্থ কোথায় রাখবে বুঝতে না পেরে তাঁরা তা বিদেশে পাচার করে দেন। তাই সময় এসেছে ভোটারদের সচেতন করে তোলার। বর্ষীয়ান এ মানবাধিকারকর্মী বলেন, ‘অনেকেই আমাদের বলেছেন যে বিকল্প কিছু করা উচিত, একটা দল বানানো দরকার। এখন রাজ্যসভার নির্বাচনে একজন প্রার্থীর খরচ হয় ১৫-২০ কোটি রুপি, লোকসভার নির্বাচনে প্রায় ৫০ কোটি রুপি। এমন নির্বাচনে আমি যাব না। পার্টি বানানোর ইচ্ছাও আমার নেই।’ আন্না বলেন, দেশময় সফর করে তিনি জনগণকে নিজেদের প্রার্থী বাছাই করতে উদ্বুদ্ধ করবেন। টিম আন্নার লোকেরা সেসব প্রার্থীর অতীতের কাজকর্ম তদন্ত করে দেখবে এবং ফলাফল প্রকাশ করবে ইন্টারনেটে।