মনমোহনের মন্তব্য নিয়ে বক্তব্যের প্রয়োজন নেই: পররাষ্ট্রসচিব
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্তব্য সম্পর্কে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের বিবৃতির পর এ নিয়ে আর কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস।আজ রোববার পররাষ্ট্রসচিব তাঁর কার্যালয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।মনমোহনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে—গণমাধ্যমের এ প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘পত্রপত্রিকায় যা বের হয়েছে, তা নিয়ে পত্রপত্রিকাকে জিজ্ঞেস করুন। আমাকে জিজ্ঞেস করার তো কিছু নেই।’মিজারুল কায়েস বলেন, এটি ছিল একটি নির্ধারিত বৈঠক। মূলত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত সফর নিয়ে আলোচনা হয়েছে। মনমোহন সিংয়ের সফরসূচি এখনো ঠিক আছে। বিশেষ করে হরতালের কারণে সফরসূচিতে পরিবর্তন আনা হবে কি না, সেটা নিয়ে আলোচনা হয়েছে।দেশের জনগণের একটি অংশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক যারা ভারতবিরোধী, মনমোহনের এ মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে মিজারুল কায়েস বলেন, ‘উনি কি এটা বলেছেন? আপনি যে সরকারি ভাষ্যের কথা বলছেন, সেটি তো আমার কাছে আসেনি।’ তিনি বলেন, ‘যে প্রসঙ্গে আপনারা কথা বলছেন, তা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশন বিবৃতি দিয়েছে।’ এর পর এ নিয়ে আর কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই বলে তিনি জানান।প্রসঙ্গত, গত ২৯ জুন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সময় মনমোহন সিং বলেন, ‘এ দেশের ২৫ শতাংশ মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামির সমর্থক এবং তারা প্রচণ্ড রকম ভারতবিদ্বেষী। তাদের ঘিরে বিভিন্ন সময়ে আইএসআই নানা রকম চক্রান্ত করছে। কাজেই যেকোনো সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে।’ ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে ওই খবর প্রচার করা হলেও পরে বাংলাদেশ ও ভারতে বিতর্ক সৃষ্টির পর তা প্রত্যাহার করা হয়।