মনমোহনের সংস্কারে সমর্থন সোনিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেওয়া সংস্কার পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থার দ্রুত উন্নয়ন প্রয়োজন। নয়াদিল্লিতে আজ মঙ্গলবার কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির সভায় সোনিয়া গান্ধী এ কথা বলেন। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে আজ এ কথা জানানো হয়। সভায় সোনিয়া গান্ধী বলেন, সংস্কার পদক্ষেপকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা উচিত নয়। নেতিবাচক রাজনীতি করার জন্য প্রধান বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করেন সোনিয়া। তাদের কাছ থেকে তিনি দায়িত্বশীল ভূমিকা আশা করেন। সম্প্রতি সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভারতের খুচরা ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। বিজেপিসহ কয়েকটি দল সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করছে। এমনকি এ সংস্কার পদক্ষেপের প্রতিবাদে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের ছয় সদস্য—একজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রী।