মনমোহনের সঙ্গে আলোচনাকে ইতিবাচক বললেন গিলানি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনাকে ইতিবাচক বলে অভিহিত করেছেন। ভারতের বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।গতকাল মনমোহন সিংয়ের দেওয়া নৈশভোজের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ‘আলোচনা ছিল ইতিবাচক। আমরা দুই দেশের মধ্যকার সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি।’ গিলানি বলেন, ‘আজকের খেলা দুই দেশের জনগণ ও নেতাদের একত্র করেছে। আমি বিশ্বাস করি, আজকের ক্রিকেট সেমিফাইনালের এটাই ইতিবাচক ফল।’গিলানি সাংবাদিকদের বলেন, ‘খেলার মান ও দলগত স্পৃহার চেয়ে হার-জিত কোনো বিষয় নয়। একটি খেলোয়াড়সুলভ ও মানসম্মত খেলা উপহার দেওয়ার জন্য উভয় দলকেই শুভেচ্ছা।’ভারতের মোহালিতে গতকাল বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে খেলা দেখতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও মাঠে উপস্থিত ছিলেন। এ সফর উপলক্ষে উভয় দেশের নেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বিশ্লেষকেরা একে ক্রিকেট কূটনীতি হিসেবে অভিহিত করছেন।