বর্তমান বিশ্বে দ্রুত অগ্রসরমাণ রাষ্ট্র ভারত। দক্ষিণ-পূর্ব এশিয়া, এশিয়া মহাদেশ ছাড়িয়ে বিশ্বে ভারত ক্রমেই এক বড় শক্তিতে পরিণত হচ্ছে। ভারতের পর পর দুই মেয়াদে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে অন্যতম। ভারতের তো বটেই, বিশ্বের নামীদামি ও বহুল প্রচারিত পত্রিকার সম্পাদকসহ সাংবাদিকেরা তাঁর একান্ত সাক্ষাৎকার নেওয়ার জন্য চেষ্টা করেন। এ সুযোগ অনেকে পান, অনেকেই পান না। বহুদিন আমারও মনের গভীরে ছিল এই আকাঙ্ক্ষা। আমার সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছিল। আমি তাঁর সাক্ষাৎকার নিতে পেরেছিলাম। এবং এটা ছিল আমার জন্য এক বড় অভিজ্ঞতা।আমরা জানি, বাংলাদেশের স্বাধীনতার পরপরই শ্রী মনমোহন সিং ঢাকায় এসেছিলেন। পরিকল্পনা কমিশনের সদস্য, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, পরিকল্পা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, তিনবার অর্থমন্ত্রী এবং দুইবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি চার দশক ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। সে চেষ্টা তাঁর এখনো রয়েছে।ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ড. মনমোহন সিং দুইবার বাংলাদেশ সফর করেন। একবার ২০০৫ সালে, সার্ক সম্মেলন উপলক্ষে। পরের বার ২০১১ সালে, দ্বিপক্ষীয় সফরে।২০১১-এর মাঝামাঝি সময় থেকে জানতে পারছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন। তার আগেই ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর ছিল দুই দেশের জন্য এক নতুন শুভ যাত্রা।তার পর থেকে দুই দেশের সম্পর্ক আরও গভীর এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের সরকার ও জনগণ সাগ্রহ অপেক্ষায় থাকে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সফরের চূড়ান্ত তারিখের জন্য। কিন্তু ভারতের অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে তাঁর বাংলাদেশ সফর বিলম্বিত হয়। এতে বাংলাদেশ সরকারের মধ্যে একধরনের চাপও সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ২০১১ সালের ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের দিন চূড়ান্ত হয়।তখনই আমাদের প্রচেষ্টা শুরু হয় বাংলাদেশ সফর উপলক্ষে প্রথম আলোর জন্য তাঁর একান্ত বিশেষ সাক্ষাৎকার নেওয়ার। এটা সহজ ব্যাপার ছিল না। কিন্তু আমরা চেষ্টা করতে থাকি। আমরা অপেক্ষা করতে থাকি।অবশেষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের শুধু একটি পত্রিকা প্রথম আলোকে একান্ত সাক্ষাৎকার দিতে সম্মত হয়েছেন। আরেকটি সাক্ষাৎকার দেবেন সরকারি বার্তা সংস্থা বিএসএসকে। তবে আগেও একবার তাঁর সাক্ষাৎকার নেওয়ার সুযোগ আমার হয়েছিল। ২০০৫ সালের নভেম্বরে সার্ক সম্মেলন উপলক্ষে তিনি ঢাকায় এসেছিলেন। তখন যৌথভাবে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও আমি তাঁর সাক্ষাৎকার নিই। ওই সাক্ষাৎকার নেওয়ার স্মৃতি আমার মনে এখনো উজ্জ্বল।সাক্ষাৎকার নেওয়ার তারিখ আমাদের দুই সপ্তাহ আগে জানানো হয়। ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের নির্ধারিত তারিখ ছিল ৬ সেপ্টেম্বর ২০১১। এর তিন দিন আগে ৩ সেপ্টেম্বর দিল্লিতে তাঁর সরকারি বাসভবনে তিনি আমাকে সাক্ষাৎকার দেবেন। লিখিত এবং সরাসরি বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি দেবেন বলে জানতে পারি। সেভাবে প্রস্তুতি নিতে থাকি।২ সেপ্টেম্বর আমি দিল্লি পৌঁছাই। আগেই আমার লিখিত প্রশ্ন পাঠিয়েছি। সাক্ষাৎকার নেওয়ার নির্দিষ্ট দিন অর্থাৎ ৩ সেপ্টেম্বর ছিল শনিবার। নির্ধারিত দিন সকালে আমরা হোটেল থেকে হাজির হই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে।দিল্লির অন্যান্য সরকারি বাসভবনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর রেসকোর্স সড়কের ৭ নম্বর বাসভবনের বাইরে তেমন পার্থক্য চোখে পড়েনি। পার্থক্য একটাই, বাড়িটা বেশ বড় এলাকাজুড়ে। বোঝার কোনো উপায়ই নেই, এখানেই থাকেন বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনীতির রূপকার ড. মনমোহন সিং। আর সদর দরজা থেকে একের পর এক নিরাপত্তাবেষ্টনী। সব পেরিয়ে বাসভবনের যে বড় ঘরটিতে বসলাম, সেটি ছিল সাধারণ, তবে সাজানো-গোছানো। সাধারণ কয়েকটি সোফা। তেমন কোনো আসবাব ও বাহুল্যের লেশমাত্র নেই। কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য চা আসে। আমরা চা পান করছি আর উপস্থিত কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলছি, এমন সময় সেখানে চকিত উপস্থিতি ঘটে উর্দিধারী নিরাপত্তা কর্মকর্তার। বুঝতে পারি, প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই ঘরে আসবেন।ঘড়ির কাঁটায় স্থানীয় সময় যখন ঠিক ১০টা ৩০ মিনিট, ঘরে ঢুকলেন ড. মনমোহন সিং। পরনে সাদা পাঞ্জাবি-কুর্তা। মাথায় আকাশি পাগড়ি। তা থেকে ছড়িয়ে পড়ছিল উজ্জ্বল ব্যক্তিত্বের দ্যুতি। সাত বছর ধরে ভারতের প্রধানমন্ত্রীর কঠিন দায়িত্ব পালন করছেন। ক্ষমতার টানাপোড়েন ও বয়স—কোনো কিছুর ছায়া নেই তাঁর মুখ-চোখে।আমাদের সঙ্গে ইংরেজিতে স্পষ্ট উচ্চারণে এবং গুছিয়ে কথা বলতে শুরু করেন অত্যন্ত আন্তরিকভাবে। লিখিত প্রশ্নের উত্তর শুরুতেই পেয়ে যাই। তারপর সরাসরি সাক্ষাৎকারে আমার বেশ কিছু প্রশ্নের উত্তর দেন। এর মধ্যে কয়েকটি ছিল ভারত-বাংলাদেশ বিষয়ে অপ্রীতিকর প্রশ্নও। একটি ছিল সে সময়ে তাঁরই উল্লিখিত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি বিষয় নিয়ে। সব প্রশ্নেরই উত্তর তিনি দেন।সাক্ষাৎকার নেওয়ার একপর্যায়ে বাংলাদেশের সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গ ওঠে। তখন মনমোহন সিং ভাবগাম্ভীর্যের আড়াল থেকে বেরিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। এটা ছিল আমার জন্য অন্য রকম এক অনুভূতি ও অভিজ্ঞতা। এ স্মৃতি আমার মনে থাকবে সব সময়।এ সময় আবেগী কণ্ঠে মনমোহন সিং বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের শুরুতে বাংলাদেশের পরিকল্পনা কমিশনের সঙ্গে তিনি কাজ করেছেন। সে সময়ের বাংলাদেশের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু অধ্যাপক নূরুল ইসলামের সঙ্গে কাজ করেন। তাঁর জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি যুক্ত ছিলেন বাংলাদেশের অগ্রগতির সঙ্গে। বাংলাদেশের মানুষের প্রতি তিনি গভীর শ্রদ্ধা পোষণ করেন। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে এবং একে স্থায়ী রূপ দিতে তিনি যথেষ্ট আশাবাদী। তিনি বিশেষভাবে বলেছিলেন, একটি দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্ক গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।তিনি বললেন, এ ব্যাপারে বাংলাদেশের বর্তমান সরকারও বেশ আন্তরিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট সচেতন। ২০১০ সালে তাঁর (শেখ হাসিনা) দিল্লি সফরের সময় যেসব সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, সেসব বাস্তবায়নের ব্যাপারে কতগুলো ক্ষেত্রে সুনির্দিষ্ট অগ্রগতি হয়েছে। আমরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছি। আমরা, বিশেষত আমাদের সরকার এমন কিছু করবে না, যার কারণে বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়।২০১১ সালের ৬ সেপ্টেম্বর, যেদিন মনমোহন সিং ঢাকায় এসে পৌঁছান, সেদিনই প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় বড় করে প্রধান সংবাদ হিসেবে ছাপা হয়েছিল তাঁর সঙ্গে আমার সরাসরি আলাপচারিতার অংশটুকু। আর সম্পাদকীয় পৃষ্ঠায় ছাপা হয়েছিল আমার প্রশ্নের লিখিত জবাবের অংশটি। সে সময়ে ওই সাক্ষাৎকার প্রথম আলোর সব পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছিল। তবে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও আমাদের আকাঙ্ক্ষিত তিস্তার পানি বণ্টন, সীমান্ত সীমানা নির্ধারণ, ছিটমহল বিনিময় ইত্যাদি বিষয়ে চুক্তি হতে পারেনি। সেটা হতে পারেনি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে। এতে বাংলাদেশের মানুষ যেমন হতাশ হয়েছিল, অন্যদিকে ভারতের বিভিন্ন মহলেও বিশেষ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। আমরা তখনই জেনেছিলাম শ্রী মনমোহন সিংও ব্যথিত হয়েছিলেন।প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎকার পর্বের শেষে তাঁকে ধন্যবাদ জানিয়ে আমার অটোগ্রাফ নোটবুকে প্রথমবারের দেখা করার স্মারক হিসেবে সেবার নেওয়া তাঁর অটোগ্রাফটি তাঁকে দেখাই। তিনি সানন্দে আমাকে আরেকটি উজ্জ্বল স্মৃতির স্মারক হিসেবে আবারও একটি অটোগ্রাফ দিয়ে হাসিমুখে দৃঢ়ভাবে করমর্দন করে বিদায় নিয়ে ভেতরে চলে গেলেন। আমি তাকিয়ে থাকলাম তাঁর ফেরার পথে। ভাবলাম, কত সাধারণ, সজ্জন-বিদ্বান একজন মানুষ!