বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে যে উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি হয়েছে, তা অতীতের যেকোনো চুক্তির চেয়ে ভয়ংকর। এতে বলা হয়েছে, দুই দেশের সম্মতির ভিত্তিতে এ চুক্তি বাতিল করা যাবে। অর্থাত্ প্রয়োজন হলে বাংলাদেশ একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারবে না।আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে গ্রুপ-৯ আয়োজিত ‘মনমোহনের সফর: বাংলাদেশের স্বার্থরক্ষায় ব্যর্থ সরকার’ শীর্ষক আলোচনায় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘এ চুক্তিতে বাংলাদেশের নিরাপত্তার দিকটিও বিবেচনায় নেয়নি সরকার। এতে নাকি বলা আছে, ভারতের স্বাধীনতাকামী যেকোনো রাজ্যের নেতা বাংলাদেশে আশ্রয় নিলে ভারত সেই ব্যক্তিকে এসে ধরে নিয়ে যেতে পারবে। এমনটি যদি হয়, তাতে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে।’মির্জা ফখরুল বলেন, ‘ভারতের পাশে বাংলাদেশের অবস্থান বিশাল আয়তনের বহুতল ভবনের পাশে ছোট্ট একটি টিনের ঘরের মতো। তাদের সঙ্গে অসম প্রতিযোগিতায় আমরা যাব না। তাই বলে আমাদের ন্যায্য অধিকারে ছাড় দেওয়া যাবে না। প্রতিবেশী দেশ বলেই তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই। তবে সেটা অবশ্যই সমতার ভিত্তিতে।’আওয়ামী লীগ সরকারকে অযোগ্য ও দায়িত্ব-জ্ঞানহীন আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আসার আগে আওয়ামী লীগ থেকে আমাদের কিছু জানানো হয়নি। আশা ছিল, সরকার অন্তত বিরোধী দলের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করবে। করলে প্রধানমন্ত্রীর হাত অনেক শক্তিশালী হতো এবং ভারতের সঙ্গে দরকষাকষিতে তিনি অনেক স্বাচ্ছন্দ্যবোধ করতেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কোনো প্রয়োজনবোধ করেননি। অথচ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের আসার আগে তিনি তাঁর দেশের বিরোধী দলের সঙ্গে পরামর্শ করে এসেছেন।’কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তাই শুধু তিস্তা নয়, সব নদী নিয়েই তাদের সঙ্গে আলোচনা করতে হবে। কারণ এসব নদীর পানি পাওয়াটা আমাদের অধিকার।’গ্রুপ-৯-এর সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক শফিক রেহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন, এম জে আবেদীন প্রমুখ।