মনমোহনের সফর বস্তুনিষ্ঠভাবে মূল্যায়ন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধান বিরোধী দল চুক্তির বিস্তারিত না জেনে কিংবা জেনেও না জানার ভান করে মনমোহন সিংয়ের সফরকে ব্যর্থ বলছে। তিনি বলেন, শুধু ভারতবিরোধিতার জন্য সমালোচনা না করে বিরোধী দলকে বস্তুনিষ্ঠভাবে মনমোহনের সফর মূল্যায়ন করতে হবে।গতকাল শনিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরোত্তর এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ কথা বলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তিকে যুগান্তকারী এবং মনমোহনের এ সফরে কোনো ব্যর্থতা নেই বলে দাবি করেন।সৈয়দ আশরাফ বলেন, মনমোহন সিংয়ের এ সফরের মধ্য দিয়ে গত চার দশকের ঝুলে থাকা অমীমাংসিত সীমান্ত সমস্যার সমাধান হয়েছে। দেশ ১০ হাজার একর ভূমি পেয়েছে। ৪৬টি দেশীয় পণ্য শুল্কমুক্ত সুবিধা পাওয়ায় ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণ হবে। তিনি বলেন, ভারতের সঙ্গে চুক্তি নিয়ে লুকোচুরির কিছু নেই। সে চেষ্টাও করা হয়নি। মন্ত্রিসভায় চুক্তির কপি দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, অনেক বিষয়ের সঙ্গে তিস্তা চুক্তি করার বিষয়টিও ছিল। এটা বলা হয়নি যে কেবল তিস্তা চুক্তি হবে। সীমান্ত সমস্যা সমাধান, তিনবিঘা করিডর, শুল্কমুক্ত পণ্য প্রবেশাধিকারও মানুষের প্রত্যাশায় ছিল। তবে তিস্তা চুক্তি অবশ্যই সই হবে। তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে পারি না। কেউ রাজি না থাকলে তাকে রাজি করানোর দায়িত্ব ভারত সরকারের।’ তিনি বলেন, তিস্তা চুক্তির সঙ্গে ট্রানজিটের কোনো সম্পর্ক নেই। একটির সঙ্গে অন্যটির সংযোগ আমরাও করিনি, ভারতও করেনি। তা ছাড়া ট্রানজিটের জন্য অবকাঠামো দরকার।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৭৫-এর পর ভারতবিরোধিতার নামে দুই দেশের বন্ধুত্বে সমস্যা দেখা দেয়। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে এবং এখন তা দৃঢ় হয়েছে।