মনমোহনের সফরে জমাট বাঁধা বরফ গলছে: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেছেন, ‘মনমোহনের সফর নিয়ে যাঁরা সমালোচনা করছেন, তাঁরা দহগ্রামে এসে মানুষকে জিজ্ঞেস করুন, তাঁর সফর ব্যর্থ না সফল হয়েছে। তিন বিঘা করিডর প্রতিদিন ১২ ঘণ্টার পরিবর্তে এখন ২৪ ঘণ্টা যাতায়াতের জন্য খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের পথে আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রস্তুতি সভা উপলক্ষে আজ রোববার দুপুরে লালমনিরহাটের দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল ইউনিয়ন পরিষদ হলরুমে অংশ নিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলব না ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নে আমরা পুরোপুরি সফল হয়েছি। তবে এটুকু বলতে পারি, এ সফরের মধ্য দিয়ে ৩৭ বছরের জমাট বাঁধা বরফ গলতে শুরু করেছে।’মতবিনিময় সভায় স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, দহগ্রাম ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান, দহগ্রাম আঙ্গরপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন প্রমুখ।