মনমোহনের সফরে প্রত্যাশানুযায়ী প্রাপ্তি ঘটেনি: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে মানুষের প্রত্যাশানুযায়ী প্রাপ্তি ঘটেনি। আর প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি না ঘটার জন্য কিছু ব্যক্তির অতি কথনকে দায়ী করেছেন তিনি। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘প্রেক্ষাপট: বর্তমান রাজনীতি নেতা-কর্মীদের দায়িত্ব-কর্তব্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘জনতার প্রত্যাশা’ নামের একটি সামাজিক সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক এম এ করিম।ওবায়দুল কাদের আরও বলেন, ‘তিনবিঘা করিডর খুলে দেওয়ায় দহগ্রামে একদিকে উত্সব চলছে। অন্যদিকে তিস্তার দুই পারের মানুষের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে। তবে ওবায়দুল কাদের অর্থনৈতিক উন্নয়ন রূপরেখা চুক্তি, সীমান্ত প্রোটোকল চুক্তি ও ভারতে বাংলাদেশের ৪৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের বিষয়গুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন। এসব চুক্তি সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন। ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল মনমোহনের সফরকে ব্যর্থ বললেও আসলে তা নয়। প্রমাণ ছাড়া কথা না বলার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দল ক্ষমতায় গেলে কর্মী খুঁজে পাই না। সবাই নেতা হয়ে যায়। বিভিন্ন অনুষ্ঠানে বক্তার তুলনায় কর্মীর সংখ্যা কমে যায়। প্রকৃত কর্মীরা কোণঠাসা হয়ে যায়। বিনয় শব্দটা নেতাদের কাছ থেকে নির্বাসনে চলে যায়। নেতারা অনেক বেশি অহঙ্কারী হয়ে যায়। এটাই চরম বাস্তবতা। সুতরাং, দলের নেতাদের এ বাস্তবতা থেকে বেরিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। তা হলেই প্রকৃত নেতা হওয়া যাবে। তিনি আরও বলেন, ত্যাগ আর কাজের মূল্যায়ন না হলে নতুন করে ত্যাগী নেতা তৈরি হয় না। আপন ঘরে যাদের শত্রু আছে, তাদের বাইরের শত্রুর দরকার হয় না। তিনি আরও বলেন, ‘আমরা কলহমুক্ত নই। অভ্যন্তরীণ কলহে জর্জরিত। সুতরাং, আমাদেরকে সব ধরনের কলহ থেকে বেরিয়ে আসতে হবে।’আলোচনা সভায় আরও বক্তব্য দেন, ফয়েজ উদ্দিন মিয়া, জাহাঙ্গীর আলম, খন্দকার শামসুল হক রেজওয়ান, শাহ আলম মুরাদ, মনির চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল নূরজাহান বেগম, হুমায়ুন কবির প্রমুখ।