প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তুতি বৈঠক
মনমোহনের সফরে সইয়ের জন্য তিনটি চুক্তি চূড়ান্ত
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টনের পাশাপাশি বিদ্যুৎ কেনা এবং ভারত হয়ে ভুটান ও নেপালে বাংলাদেশের পরিবহন চলাচল বিষয়ে চুক্তি সই হবে। এ ছাড়া আরও কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে, তা নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য, বিনিয়োগ, ট্রানজিট, নিরাপত্তা, তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন, সীমান্ত সমস্যাসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে সর্বশেষ তথ্য ও উপাত্ত চাওয়া হয়েছে। বৈঠক সম্পর্কে জানতে চাইলে মসিউর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরের সময় যেসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। এ সফরের সময় তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টনে চুক্তি সই হবে। তাঁর ঢাকা সফরের আগে ঢাকায় আসবেন ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসাল।ভারতের সঙ্গে ট্রানজিট সম্পর্কে তিনি বলেন, এ ব্যাপারে দুই দেশের মধ্যে একটি রূপরেখা চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। বাংলাদেশের নৌ, রেল ও সড়কপথ দিয়ে ভারতীয় পণ্য সে দেশের উত্তর-পূর্বাঞ্চলে যাবে। এ ক্ষেত্রে মাশুল কীভাবে নেওয়া হবে, তা নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। এ ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হলে তা সমন্বয়ে কাজ করা হচ্ছে। গতকালের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে।মসিউর রহমান বলেন, ১৯৪৭ সাল থেকে বাংলাদেশের নৌ ও রেলপথ দিয়ে ভারতের পণ্য আনা-নেওয়া হয়ে আসছে। এখন সড়কপথে ভারতের পণ্য বাংলাদেশের ভেতর দিয়ে আনা-নেওয়া করবে দেশটি। এ বিষয়ে প্রটোকল সই হবে। আগে যে অর্থে ট্রানজিট ছিল, এখন সড়কপথে তা-ই হবে। নৌপথ ও রেলপথে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে যেভাবে শুল্ক নেওয়া হয়, সেভাবেই সড়কপথে শুল্ক নেওয়ার বিষয়ে কাজ হচ্ছে।১০০ কোটি ডলারের ঋণচুক্তির প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ পর্যন্ত ৯৬০ মিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প তৈরি করে ভারতের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী দুই বছরের কম সময়ের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন শেষ হবে। এদিকে বৈঠকে ভারতের সঙ্গে যেসব চুক্তি হতে যাচ্ছে, সেসব চুক্তির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। চুক্তিগুলো হচ্ছে: তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টনে অন্তর্বর্তীকালীন চুক্তি, বাগেরহাটে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যৌথ বিনিয়োগ চুক্তি, ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার বিষয়ে চুক্তি, ট্রানজিট চুক্তি, ৬.৫ কিলোমিটার অচিহ্নিত সীমানা চিহ্নিতকরণ, সীমান্তে ছিটমহল ও অপদখলীয় ভুমি বিনিময় বিষয়ে প্রটোকল বা সমঝোতা স্মারক, বাণিজ্য চুক্তির আওতায় বাণিজ্য উদারীকরণ-বিষয়ক সমঝোতা স্মারক, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারবিষয়ক সমঝোতা স্মারক, ট্রানজিট চুক্তির আওতায় চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, সড়ক ও রেলপথ ব্যবহারবিষয়ক পৃথক তিনটি প্রটোকল, সুন্দরবনের বাঘসহ জীববৈচিত্র্য রক্ষায় প্রটোকল এবং দুই দেশের রাষ্ট্রীয় টেলিভিশনের অনুষ্ঠান বিনিময় কর্মসূচি।