ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আগামী সেপ্টেম্বরের ঢাকা সফরে তিস্তার পানিবণ্টন ও সীমান্ত নিয়ে অমীমাংসিত সমস্যা সমাধানে চুক্তি সই হবে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা গতকাল বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান।দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিক বৈঠকের পর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ সময় জানান, ট্রানজিট চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পর শুরু হয় সংবাদ সম্মেলন। এর আগে দুই দেশের মধ্যে দুটি চুক্তি সই হয়।দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা চুক্তি সই করেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার। ভারতীয় ভূখণ্ড হয়ে বাংলাদেশের স্থলবন্দর পর্যন্ত ভুটানের পণ্যবাহী ট্রাক প্রবেশবিষয়ক চুক্তিতে সই করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শাহ আলম খান ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হর্ষবর্ধন সিংলা।দুই মন্ত্রীই বলেন, সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তাঁদের আনুষ্ঠানিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাঁরা নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত সমস্যার সমাধান, পানিসম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও ট্রানজিট, সংস্কৃতি, শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁদের আলোচনায় আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বিষয়গুলো উঠে আসে।তিস্তা, সীমান্ত ও ট্রানজিট: বহুল প্রতীক্ষিত তিস্তার পানিবণ্টন চুক্তির অগ্রগতি সম্পর্কে দীপু মনি বলেন, ‘আমরা ন্যায্যতা ও যৌক্তিক অংশীদারির ভিত্তিতে একটি ন্যায়সংগত চুক্তি সই করতে চাই। যৌথ নদী কমিশন অভিন্ন নদী তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টনের চুক্তি প্রায় চূড়ান্ত করেছে। আশা করি, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময় এ চুক্তি সই করতে পারব।’এ প্রসঙ্গে এস এম কৃষ্ণা বলেন, ‘তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ন্যায্যতার ভিত্তিতে আমরা একটি ন্যায়সংগত চুক্তি সইয়ের আশা করছি।’ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তর এবং সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৭৪-এর ইন্দিরা-মুজিব চুক্তির আলোকেই এ সমস্যার সমাধান হবে। আমরা চুক্তি সই করার দ্বারপ্রান্তে পৌঁছেছি। আশা করছি, আসন্ন সফরের সময় এটি সই হবে।’ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তের দীর্ঘদিনের সমস্যা সুরাহার জন্য সমন্বিত সমাধানের একটি পথ খোঁজা হচ্ছে। এ ব্যাপারে ইতিবাচক ফলের ব্যাপারে আমরা আশাবাদী।’ট্রানজিট প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি বৃহত্তর অবকাঠামোর মাধ্যমে আমরা ট্রানজিটের বিষয়ে কাজ করছি। এ ক্ষেত্রে ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দেওয়ার প্রস্তুতি চলছে।’এস এম কৃষ্ণা বলেন, ‘ট্রানজিট নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে ফলাফলের জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। আমরা অত্যন্ত আশাবাদী, এমন একটি সমঝোতা হবে, যার ফলে দুই পক্ষই লাভবান হব।’ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশিদের নিহত হওয়ার বিষয়টি এস এম কৃষ্ণার সঙ্গে আলোচনায় তোলা হয়েছে উল্লেখ করে দীপু মনি বলেন, বাংলাদেশের উদ্বেগের বিষয়টি ভারতকে জানানো হয়েছে। যৌথ সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে সীমান্তে হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধ করা হবে বলে ভারত আশ্বাস দিয়েছে।ভারতীয় নেতারা বারবার আশ্বাস দেওয়ার পরও সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধ হচ্ছে না কেন জানতে চাইলে এস এম কৃষ্ণা বলেন, ’বন্ধুপ্রতিম বাংলাদেশের সঙ্গে সীমান্ত রক্ষায় নিয়োজিত বিএসএফকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। সীমান্তে অনুপ্রবেশের মাধ্যমে যেসব অপরাধমূলক তৎপরতা চলে, তা এককভাবে প্রতিহত করা সম্ভব নয়। এ ধরনের তৎপরতা রোধে দুই পক্ষের সমন্বয়ের মাধ্যমে কাজ করাটা জরুরি। এ জন্য রাতে সান্ধ্য আইন জারির কোনো বিকল্প নেই। সীমান্তে হত্যাকাণ্ডের বেশির ভাগই ঘটে রাতের বেলা, আর নিহতদের ৪০ ভাগ ভারতীয় নাগরিক। তবে সাম্প্রতিক সময়ে সীমান্তে হত্যার সংখ্যা কমছে। আগামীতে আমরা আরও কমিয়ে আনতে সচেষ্ট আছি।’দুই পররাষ্ট্রমন্ত্রীই সাংবাদিকদের জানান, উভয় দেশই তার ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য কোনো বিচ্ছিন্নতাবাদী, উগ্রপন্থী ও সন্ত্রাসবাদী গোষ্ঠীকে প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।বিদ্যুৎ খাতে সহযোগিতার প্রসঙ্গে এস এম কৃষ্ণা বলেন, ২০১২ সালের শেষে বা ২০১৩ সালের শুরুতে বাংলাদেশের কাছে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করবে ভারত। ভারতের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান (এনটিপিসি) দেশটির অভ্যন্তরে যে দামে বিদ্যুৎ সরবরাহ করে, বাংলাদেশে সে দামেই বিক্রি করবে।এস এম কৃষ্ণা জানান, বাংলাদেশ ও ভারত যৌথ বিনিয়োগে বাগেরহাটে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। এ জন্য প্রয়োজনীয় সমীক্ষার কাজ শেষ হয়েছে।ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ২০১০-১১ অর্থবছরের প্রথম ১০ মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি ৫৬ শতাংশ বেড়েছে।প্রসঙ্গ মনমোহনের মন্তব্য: বাংলাদেশের ২৫ ভাগ লোক জামায়াতে ইসলামীর সমর্থক এবং তাঁরা আইএসআইয়ের মাধ্যমে প্রভাবিত—প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাম্প্রতিক এ মন্তব্য ভারতের সরকার এখনো সমর্থন করে কি না, জানতে চাইলে এ সম্পর্কে সরাসরি কিছু না বলে এস এম কৃষ্ণা বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় এসেছে। বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের প্রতি বিশেষ সহমর্মিতা রয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। আর দুই দেশের সম্পর্ক এই অঞ্চলের অন্য দেশগুলোর কাছে আদর্শ হিসেবে বিবেচিত হতে পারে।’বাংলাদেশের প্রতি আস্থার সংকটের কারণে মনমোহন সিং এ মন্তব্য করেছেন কি না জানতে চাইলে কৃষ্ণা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো আস্থার সংকট নেই। বাংলাদেশের প্রতি তাঁর দেশের পূর্ণ আস্থা রয়েছে।ইন্দিরার সম্মাননা সোনিয়াকে: মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রায় ৫০০ বিদেশি ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মাননা দেবে। এই তালিকার পুরোভাগে আছেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দিয়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাঁকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি তাঁর নামে রাজধানীর একটি সড়কের নাম রাখা হবে।এ প্রসঙ্গে দীপু মনি গতকাল সাংবাদিকদের জানান, ভারতের কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী আগামী ২৫ ও ২৬ জুলাই অটিজমবিষয়ক এক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে আসবেন। এ সফরের সময় একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্মাননা তাঁর পুত্রবধূ সোনিয়া গান্ধীর হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি সোনিয়া দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগেই দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা গতকাল সৌজন্য সাক্ষাতের সময় এই আশাবাদ ব্যক্ত করেন।বাসস জানায়, এস এম কৃষ্ণা গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আলোচনার সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন।ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গতিশীল ও প্রাজ্ঞ নেতৃত্বের’ প্রশংসা করে বলেন, এশিয়ার যেকোনো দেশের জন্য অনুকরণীয় হবে বাংলাদেশ-ভারত সম্পর্ক। নেপাল ও ভুটানকে বাংলাদেশ ও ভারতের ভূখণ্ড ব্যবহারের মাধ্যমে ট্রানজিট দেওয়ার বিষয়েও তাঁরা আলোচনা করেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তাঁর সরকার কাজ করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার মানুষের প্রধান শত্রু দারিদ্র্য বিমোচনের জন্য শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকা প্রয়োজন। ২৫ ও ২৬ জুলাই বাংলাদেশে অনুষ্ঠেয় অটিজম সম্মেলন নিয়েও তাঁরা আলোচনা করেন।সৌজন্য সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও মসিউর রহমান, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম, ঢাকায় ভারতের হাইকমিশনার রজিত মিত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।এদিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। তিনি এ সময় রাষ্ট্রপতিকে ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফর সম্পর্কে অবহিত করেন।ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বুধবার তিন দিনের সফরে ঢাকায় আসেন। আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর তাঁর নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগের কথা।