মনমোহনের সফরের আগেই অনুপ চেটিয়াকে ফেরত চায় ভারত
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগেই উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত চেয়েছে নয়াদিল্লি। ভারতের বার্তা সংস্থা পিটিআই আজ মঙ্গলবার জানায়, সম্প্রতি ঢাকা সফরের সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে এ ব্যাপারে অনুরোধ করেছেন।চিদাম্বরম গতকাল সোমবার দিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘অনুপ চেটিয়াকে যত শিগগির সম্ভব আমাদের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেছি।’চিদাম্বরম ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের অন্যান্য নেতাকে সাম্প্রতিক সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গত ২৯ ও ৩০ জুলাই ঢাকা সফর করেন।ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেটিয়াকে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, অবৈধ মুদ্রা রাখা ও স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে ‘ফরেনার্স ও পাসপোর্ট’ আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি কারাদণ্ড ভোগ করেন। সাজার মেয়াদ শেষ হলেও দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া যাচ্ছে না।