সোমবার সই হতে পারে ওয়াগন কেনার চুক্তি
মনমোহনের সফরের আগেই শুরু হচ্ছে ঋণচুক্তির প্রকল্প
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগেই ১০০ কোটি ডলারের ঋণচুক্তির প্রকল্প বাস্তবায়ন শুরু হচ্ছে। চুক্তির আওতায় সাতটি প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এর মধ্যে সোমবার ১৬৫টি ব্রডগেজ ট্যাংক ওয়াগন কেনার জন্য ঠিকাদারের সঙ্গে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্য প্রকল্পগুলোর জন্যও পৃথক ঠিকাদার নির্বাচনের পর চুক্তি সই হবে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), পররাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার প্রথম আলোকে জানিয়েছেন, ১৬৫টি ব্রডগেজ ট্যাংক ওয়াগন ছাড়াও ১০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন ও বিআরটিসির জন্য ৪৫০টি বাস কেনার জন্য শিগগিরই চুক্তি হবে।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ভারত সরকার যোগাযোগ মন্ত্রণালয়ের যে প্রকল্পগুলোর অনুমোদন দিয়েছে, শিগগিরই সেগুলোর ঠিকাদার নিয়োগ সম্পন্ন হবে। মন্ত্রী জানান, ট্যাংক ওয়াগন প্রকল্পে ব্যয় হবে প্রায় ১৮৫ কোটি টাকা।এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের প্রথম আলোকে বলেন, ১৬৫টি ট্যাংক ওয়াগন ক্রয় প্রকল্পের ঠিকাদার নির্বাচিত হয়েছে ভারতের টেক্সমাকো লিমিটেড। প্রতিষ্ঠানটি এক বছরের মধ্যে ওয়াগনগুলো সরবরাহ করবে। আবু তাহের বলেন, ‘টেক্সমাকোর সঙ্গে বৃহস্পতিবারই চুক্তি সইয়ের কথা থাকলেও প্রক্রিয়াগত কারণে তা হতে পারেনি। আগামী সোমবার এই চুক্তি সই হবে বলে আশা করছি।’ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র অনুযায়ী এ বছরের সেপ্টেম্বরে ঢাকায় আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।ইআরডি সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ সময়ে কয়েক দফায় সড়ক ও রেল যোগাযোগ অবকাঠামো, নৌপরিবহন ও মান নিয়ন্ত্রণবিষয়ক ২০টি প্রকল্প ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের ১৮টি এবং নৌপরিবহন ও শিল্প মন্ত্রণালয়ের দুটি। যোগাযোগ মন্ত্রণালয়ের ১৮টি প্রকল্পের মধ্যে ১২টিই রেলসংক্রান্ত। ভারত ইতিমধ্যে রেলওয়ের ছয়টিসহ সাতটি প্রকল্পের ঠিকাদার নিয়োগ ও পরবর্তী কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে। তবে রেলওয়ের দুটি ও পণ্যের মান নজরদারি সংস্থা বিএসটিআইয়ের একটি প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে ভারত। এগুলো আবার পর্যালোচনা করে ব্যয় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে দেশটি।প্রায় এক বছর আগে ২০১০ সালের ৭ আগস্ট ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই হয়। এটি কোনো দেশকে এককভাবে দেওয়া ভারতের বৃহত্তম ঋণ।বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি চুক্তির বিষয়ে অস্পষ্টতা এবং অনুমোদনের আগেই দরপত্র আহ্বান কেন্দ্র করে প্রকল্প বাস্তবায়নে সময় লেগেছে। বিশেষ করে রেলওয়ের প্রকল্পগুলো ভারতে পাঠানোর আগেই দরপত্রের প্রক্রিয়া শুরু হয়। গত বছরের নভেম্বর থেকেই দরপত্র আহ্বান শুরু করা হয়। ইতিমধ্যে ১৮০টি ব্রডগেজের ট্যাংক ওয়াগন ও ছয়টি বগি ব্রেক ভ্যান কেনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ভারত তার এ অবস্থান তুলে ধরে। ভারতের অনুমোদন ছাড়া ঠিকাদার নিয়োগের এই প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে সম্প্রতি বাংলাদেশ রেলওয়েকে চাহিদাপত্র (ডিও লেটার) দেওয়া হয়েছে। পরে বিষয়টি ব্যাখ্যা করে চিঠি দেওয়া হলে সাত প্রকল্পে সম্মতি জানায় ভারত।সম্মতি পাওয়া সাত প্রকল্প: ভারত সাত প্রকল্পে তাদের সম্মতি জানিয়ে গত ১৫ জুন একটি চিঠি পাঠায়। ওই প্রকল্প সাতটি হচ্ছে: ৫০টি মিটার গেজ (এমজি) ফ্ল্যাট ওয়াগন, ১৮০টি এমজি ফ্ল্যাট বগি, ৩০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন, ১০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন, ১০০টি মিটার গেজ বগি ট্যাংক ওয়াগন, ১৭০টি মিটার গেজ ফ্ল্যাট ওয়াগন এবং ৩০০ দোতলা বাস, ৫০টি আর্টিকুলেটেড বাস ও ১০০ একতলা বাস কেনার প্রকল্প।প্রশ্ন তোলা তিন প্রকল্প: ভারত যে তিনটি প্রকল্প পর্যালোচনার জন্য পাঠিয়েছে, সেগুলো হচ্ছে: রেলসংযোগসহ দ্বিতীয় ভৈরব ও তিতাস সেতু, খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত রেলসংযোগ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) আধুনিকায়নে যন্ত্রপাতি কেনা। ভারত সম্প্রতি ইআরডিকে বলেছে, ভৈরব ও তিতাস সেতু এবং খুলনা-মংলা বন্দর পর্যন্ত রেলযোগাযোগের প্রকল্পগুলো বাস্তবায়নে যে সমীক্ষা চালানো হয়েছে, তাতে ‘অস্পষ্টতা’ রয়েছে। এই প্রকল্পগুলোর প্রাক্কলিত ব্যয়ের ব্যাপারে একমত হতে পারেনি ভারত। এ জন্য তারা ওই প্রকল্প দুটিতে আবার সমীক্ষার পরামর্শ দিয়েছে। বিএসটিআইয়ের প্রকল্প সম্পর্কে ভারতের মত হচ্ছে, বাংলাদেশের ঠিক কী ধরনের যন্ত্রপাতি লাগবে, তা আরও সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।যোগাযোগ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ভৈরব ও তিতাস সেতু এবং খুলনা-মংলা বন্দর পর্যন্ত রেলযোগাযোগের প্রকল্পগুলো মূলত পূর্তসংক্রান্ত অর্থাৎ এতে মাটি, বালু ও সিমেন্টের ব্যবহার বেশি। ভারতীয় ঋণের শর্তানুযায়ী প্রতিটি প্রকল্পের ৮৫ শতাংশ কেনাকাটা করতে হবে ভারত থেকে।ভারতের পক্ষে চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের মহাব্যবস্থাপক নাজিম পাঞ্জেতান গত নভেম্বরে ঢাকায় এক বৈঠকে জানান, অন্যান্য পণ্যের পাশাপাশি ইট, বালু, সিমেন্ট, রড ও বিটুমিন ভারত থেকেই কিনতে হবে। এই প্রেক্ষাপটে সড়ক বিভাগ গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা চায়। সড়ক বিভাগের পক্ষ থেকে বলা হয়, স্থানীয়ভাবে এসব পণ্য পাওয়া যায় বলে প্রস্তাবিত প্রকল্পে স্থানীয় বাজারদর অনুসারেই পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন ভারত থেকে এসব সংগ্রহ করতে হলে সময় ও টাকা দুটোই বেশি লাগবে। এ ব্যাপারে গত ১৭ ফেব্রুয়ারি যোগাযোগসচিবকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বলে, ‘বিশেষ ক্ষেত্রে বিদেশি ঋণের অর্থে দেশি পণ্য সংগ্রহ করা হয়ে থাকে। এ ক্ষেত্রে এই রীতি অনুসরণ করা যেতে পারে।’ইঞ্জিন ও বগি প্রকল্পে বাড়তি সময়: রেলের মিটার গেজ ইঞ্জিন, বগি ও ব্রেক ভ্যান সরবরাহের দরপত্র কেনার পর ঠিকাদারেরা সম্প্রতি রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তাঁরা জানান, সাধারণত দেড় থেকে দুই বছরের মধ্যে এসব যন্ত্রপাতি সরবরাহ করা হয়। কিন্তু ভারতে অভ্যন্তরীণ চাহিদা বেশি থাকায় সব কটি ইঞ্জিন, বগি ও ব্রেক ভ্যান সরবরাহে দেরি হবে।এ ক্ষেত্রে ঠিকাদারেরা মিটার গেজ-সংক্রান্ত চারটি প্রকল্পের সময়সীমা বাড়ানোর প্রস্তাব করেন। তাঁদের প্রস্তাবের ভিত্তিতেই যোগাযোগ মন্ত্রণালয় ভারতকে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানিয়েছে। রেলওয়ের এক কর্মকর্তা বলেন, রেলের বগি ও ইঞ্জিন কিনতে ১৮ থেকে ২৪ মাস লাগে। কিন্তু ভারতে মিটার গেজ রেললাইন খুবই কম। তারা মিটার গেজ বগি ও ইঞ্জিন তৈরি করে মূলত রপ্তানির জন্য। বর্তমানে ভারতে যে রপ্তানি ফরমায়েশ আছে, তাতে ঠিকাদারেরা বলে দিয়েছেন, বাংলাদেশে তাঁরা দুই বছরের মধ্যে সরবরাহ করতে পারবেন না।চুক্তির শর্ত অনুযায়ী, পণ্য কেনার আগেই সরবরাহকারীকে বার্ষিক শূন্য দশমিক ৫০ শতাংশ হারে ‘কমিটমেন্ট ফি’ দিতে হবে বাংলাদেশকে।