মনিপুরি তাঁতশিল্প সমস্যার দোলাচলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর গ্রামটি মনিপুরি তাঁতশিল্পের জন্য পরিচিত। গ্রামের প্রতিটি মণিপুরি পরিবারেই রয়েছে হস্তচালিত তাঁত। নিজেদের পরিধেয় বস্ত্র ‘ফানেক’, ‘ইন্নাফি’, ‘লৈফানেক’ ছাড়াও প্রতিটি পরিবারের নারীরা বিভিন্ন ধরনের কাপড় বোনে। তাদের উৎপাদিত পণ্যের কদর ও বাজার গত দু-তিন বছরে দেশে-বিদেশে প্র্রসারিত হয়েছে। তবে পুঁজি, সুতা ও প্রশিক্ষণের অভাবে এই শিল্প এখন সমস্যার ঘেরাটোপে বন্দী।সরজমিনে দেখা গেছে, রামনগর মনিপুরিপাড়া গ্রামে ৬০টি পরিবারের বাস। ২০-২২টি পরিবারের একমাত্র জীবিকা তাঁতশিল্প। তবে গ্রামের প্রতিটি পরিবারেই কমপক্ষে একটি করে হস্তচালিত তাঁত রয়েছে। এসব তাঁতে গ্রামের নারীরা নিপুণ হাতে ‘মাক্কু’র (সূতার কেইস) খটাখট্-খটাখট্ আওয়াজ তুলে কাপড় বুনে চলে দিনরাত।এই মনিপুরিপাড়ায় উৎপাদিত তাঁতজাত পণ্যের মধ্যে শাড়ি, ওড়না, বিছানার চাদর, শাল, থ্রিপিস, নকশিকাঁথা, টেবিলক্লথ, ব্যাগ, গামছা, কম্বল, থামি, টপস, ফতুয়া, পাঞ্জাবি, ব্লাউজ, লুঙ্গি, মাফলার ইত্যাদির কদর স্থানীয় বাজারে আগের চেয়ে বহুগুণ বেড়েছে। রামনগরেই গড়ে উঠেছে এসব পণ্যের ছয়টি শোরুম। এ ছাড়া শ্রীমঙ্গল পৌরসভা এলাকার স্টেশন সড়কে খাতুন ম্যানশনেও গড়ে উঠেছে একটি শোরুম।গ্রামের জয়া সিনহা জানান, মনিপুরি মেয়েরা ছোটবেলা থেকেই পড়ালেখার পাশাপাশি নিজেদের কাপড় যেমন—ফানেক, ইন্নাফি ও লৈফানেক নিজেরাই তৈরি করতে শেখে। ক্রমে তারা হয়ে ওঠে নিপুণ শিল্পী। পরবর্তী সময়ে প্রায় ৯০ শতাংশ মনিপুরি নারীই এটাকে পেশা হিসেবে গ্রহণ করে।রামনগরের দীপা মনিপুরি হ্যান্ডিক্রাফটেসর স্বত্বাধিকারী পুতুল সিনহা জানান, গত দুই-তিন বছরে শ্রীমঙ্গলে পর্যটকের সংখ্যা বেড়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে রামনগরের তাঁতশিল্পও অনেকটা জেগে উঠছে। পর্যটকদের আনাগোনায় স্থানীয়ভাবে গ্রামেই বাজার সৃষ্টি হয়েছে। গ্রামে একে একে ছয়টি শোরুম হয়েছে। পর্যটকের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও যুক্তরাজ্যে তাঁদের উৎপাদিত পণ্যের কদর সৃষ্টি হয়েছে।প্রদীপ সিংহ জানান, রামনগরে ৬০০-২৪০০ টাকায় শাড়ি, ২০০-৬০০ টাকায় বিছানার চাদর, ৪০০-২৫০০ টাকায় শাল, ৫০০-৬০০ টাকায় থ্রিপিস, ১৫০-১২০০ টাকায় ওড়না, ৩০০-৬০০ টাকায় ফতুয়া, ৮০০-১২০০ টাকায় কম্বল, ১৫০-৩০০ টাকায় ব্যাগ, ৩০০-৫০০ টাকায় পাঞ্জাবি, ৩৫০-১৫০০ টাকায় পুরুষদের শাল, ১০০০-১২০০ টাকায় নকশিকাঁথা ও ১৫০-২০০ টাকা দামের গামছা পাওয়া যায়। প্রদীপ সিংহ আরও জানান, গত তিন বছরে সুতার দাম দ্বিগুণ বেড়েছে। নারায়ণগঞ্জ ও নরসিংদীর সুতা ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো সুতার বাজার নিয়ন্ত্রণ করেন। এক বছর আগেও এক কেজি সুতা ছিল প্রকারভেদে ১৫০-৩০০ টাকা। এখন সেই সুতার কেজি ২৫০-৪০০ টাকা। কিন্তু সে তুলনায় তাঁদের উৎপাদিত পণ্যের দাম বাড়াতে পারেননি।রামনগর গ্রামে তাঁতশিল্প গড়ে তোলার পেছনে যাঁরা জড়িত, তাঁদের একজন ধীরেন্দ্র সিংহ। তিনি বলেন, এই শিল্পে যেমন প্রচুর সম্ভাবনা আছে, তেমনি সমস্যাও রয়েছে। সমস্যা ও সম্ভাবনা দুটিই যেন সমান্তরালভাবে চলছে।গ্রামবাসী জানান, এই শিল্পের প্রধান সমস্যা পুঁজি। ব্যাংক থেকে ঋণ পাওয়া গেলেও সুদের হার বেশি। হস্তশিল্পে স্বল্প সুদে ব্যাংক-ঋণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। উৎপাদিত পণ্যের বিদেশে বাজার সৃষ্টি এবং কারিগরদের প্রশিক্ষণে সরকারি উদ্যোগ নেওয়া জরুরি।