মনিপুরের অধ্যক্ষসহ চারজনকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে অটিস্টিক শিশুকে নির্যাতনের ঘটনায় কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানসহ চারজনকে ১৯ জানুয়ারি হাইকোর্টে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। অপর দুজন হলেন, কলেজের নিরাপত্তাকর্মী হেলালউদ্দিন ও আনোয়ার। তাঁদের ওই দিন সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।গত ৯ জানুয়ারি ‘অটিস্টিক শিশুটির ওপর এই নির্মমতা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়। আজ সকালে প্রতিবেদনটি আদালতে নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। তিনি প্রতিবেদনটি আদালতে পড়ে শোনান। এরপর আদালত এই আদেশ দেন।শেওড়াপাড়ায় মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের ৩ নম্বর শাখায় গত শনিবার গভীর রাতে মিরপুর ১৪ নম্বরে প্রতিবন্ধী ফাউন্ডেশনের বিশেষায়িত স্কুলের শিক্ষার্থী মাইনউদ্দিন শরীফকে (১২) আটকে রেখে নির্দয়ভাবে পেটান নিরাপত্তাকর্মীরা।এ ঘটনায় মাইনউদ্দিনের বাবা জসিমউদ্দিন কাফরুল থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। তবে অভিযোগটি একটি জিডি হিসেবে গ্রহণ করে পুলিশ।