মনির-মাসুমকে আবার গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন কলেজের ছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলায় আসামি মনির ও মাসুমকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে আবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁদের গ্রেপ্তারে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার ও র্যাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২০ জানুয়ারি একই বেঞ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছিলেন।আজ আদালত দুপুর ১২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তাকে বেলা দুইটার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত কর্মকর্তা বংশাল থানার পরিদর্শক মো. আবুল হাসান আদালতে হাজির হন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে। সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়েছে। কোনো ধরনের চাপ আছে কি না—আদালত জানতে চাইলে মো. আবুল হাসান বলেন, কোনো ধরনের চাপ নেই। উন্নত তথ্যপ্রযুক্তি থাকার পরও আসামিদের না পাওয়ার সুযোগ নেই—আদালতের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আবুল হাসান বলেন, ‘মনিরের ছবি পেয়েছি, মাসুমের ছবি পাইনি। মনিরের বাসা তালাবদ্ধ। মাসুমের বাড়িতে গিয়ে তাঁর মাকে পাওয়া গেছে। ’এরপর আদালত তাঁর বক্তব্য শুনে আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। এ বিষয়ে আদালত একই ধরনের কোনো বক্তব্য আর শুনবেন না বলে জানান।অ্যাসিড নিক্ষেপের পর প্রধান আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় ২০ জানুয়ারি ফৌজদারি কার্যবিধিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে মনজিল মোরসেদ আবেদন ও শুনানি করেন। ওই দিন আদালত আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময় দেন। কিন্তু এর মধ্যে আসামিদের গ্রেপ্তার করা যায়নি। এরপর আদালত আজ আবার আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময় দেন। ১৫ জানুয়ারি রাজধানীর চানখাঁরপুলের এক কাজি অফিসে ওই ছাত্রীকে অ্যাসিডদগ্ধ ও ছুরিকাঘাত করা হয়। বিয়েতে রাজি না হওয়ায় মনির নামের এক যুবক এ ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনায় মনিরের বন্ধু মাসুম তাঁর সহযোগী হিসেবে ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ছাত্রীর ভাই বংশাল থানায় মনির ও মাসুমকে আসামি করে মামলা করেন।