মনিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
যশোরের মনিরামপুর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম এবং সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্ব্যবহার, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ঘুষগ্রহণসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ৭ মে প্রাথমিক শিক্ষক-কর্মচারীরা স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সভা করে দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদ্বয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মহাপরিচালক প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর, উপপরিচালক খুলনাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পাঠিয়েছেন।উপজেলা শিক্ষা অফিস ও শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২০টি, বেসরকারি ১৩৮টি, নয়টি কিন্ডারগার্টেন এবং ১০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এসব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষিকাদের দেখভাল করে উপজেলা শিক্ষা অফিস। কিন্তু অভিযোগ রয়েছে, প্রতি শিক্ষককে ক্লাস্টার প্রশিক্ষণে ৭৫ টাকার সম্মানি দেওয়ার নিয়ম থাকলেও ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে যোগসাজশে সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম মাত্র ৫০ টাকা করে দিয়ে শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক ৭৫ টাকা পাওয়ার ফরমে স্বাক্ষর আদায় করে নেন। এ ছাড়া ২৭৭টি বিদ্যালয়ের প্রশ্নপত্র ছাপানোর জন্য ওই কর্মকর্তাদ্বয় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কতিপয় নেতাকে হাত করে প্রতি বছর লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। চলতি বছর শিশু জরিপের নামে বরাদ্দ করা ৫৭ হাজার টাকার কোনো কাজ না করিয়ে কর্মকর্তাদ্বয় ভাগ-বাটোয়ারা করে নেন। এ ছাড়া শিশু জরিপের ক্ষেত্রে প্রতি শিক্ষকের জন্য ৫২৫ টাকা বরাদ্দ থাকলেও দেওয়া হয়েছে ৪২৫ টাকা করে। শিক্ষা কর্মকর্তাদ্বয় অফিস সহকারী স্বরজিৎ কুমার, মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আজিবর রহমান, পরমানন্দ কুমার, সহকারী শিক্ষক আব্বাস আলীর মাধ্যমে বেতন নির্ধারণের (ফিক্সিশন) নাম করে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা হারে উৎকোচ আদায় করেন। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিধান কুমার সরকার বলেন, ‘উপজেলা শিক্ষা অফিসের দুই কর্মকর্তা শিক্ষা ক্ষেত্রে সীমাহীন দুর্নীতির জাল বুনে ফেলেছেন।’ শিক্ষক মুনসুর আলী বলেন, ‘তাঁদের এই দুর্নীতি সমূলে উৎপাটন করতে না পারলে মনিরামপুরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।’এ ব্যাপারে সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।’উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘কিছু ফাঁকিবাজ শিক্ষক ক্লাস না করে অফিসে এসে দালালি করছে। আমি শুধু তাদের পাঠদান ফেলে অফিসে আসতে মানা করেছি। এতেই তাঁরা আমার প্রতি ক্ষুব্ধ।’এ ব্যাপারে জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তাদ্বয়ের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগের কথা বলা হয়েছে, তা আমাকে এখনো জানানো হয়নি। জানালে অবশ্যই ব্যবস্থা নেব।’