মনিরামপুর পরিবার পরিকল্পনা বিভাগে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বেতন স্কেলের এরিয়ার বিল (বকেয়া বেতন) উত্তোলন ও বেতন নির্ধারণের (ফিক্সেশন) জন্য ঘুষ নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।হিসাবরক্ষণ অফিসের দোহাই দিয়ে যশোরের মনিরামপুর পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন পে-স্কেলে বেতন নির্ধারণ (ফিক্সেশন) ও এরিয়ার বিল (জুলাই ’০৯ থেকে ডিসেম্বর ’০৯) উত্তোলনের জন্য উপজেলা হিসাবরক্ষণ অফিসে ঘুষ দেওয়ার নাম করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও চিকিত্সা কর্মকর্তা (এমসিএইচ-এফপি) চন্দ্র শেখর কুণ্ডু কর্মীদের গত সপ্তাহে তাদের কার্যালয়ে তলব করেন। তাঁরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ১৩০ জন মাঠকর্মীর কাছ থেকে নির্ধারিত হারে টাকা আদায়ের জন্য প্রতি ইউনিয়নে একজন করে প্রতিনিধি ঠিক করে দেন। ওই প্রতিনিধি প্রত্যেক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) এক হাজার টাকা, পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) ৭০০ টাকা, পরিবার কল্যাণ পরিদর্শক (এফপিআই) ৫০০ টাকা, পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) ৩৫০ টাকা, এমএলএসএসের কাছ থেকে ২০০ টাকা করে আদায় করেন। এ ব্যাপারে টাকা আদায়কারী প্রতিনিধি এফপিআই প্রদীপ কুমার বলেন, ‘আমরা সম্মিলিতভাবে বকেয়া বেতন উত্তোলন ও বেতন নির্ধারণে হিসাবরক্ষণ অফিসের জন্য এ টাকা আদায় করেছি।’ অপর প্রতিনিধি এফডব্লিউএ আন্জুমান-আরা বেগম বলেন, ‘স্যারদের পরামর্শে আমরা এ টাকা তুলেছি।’ এফডব্লিউভি রিনা পারভেজ বলেন, ‘এসব গোপন কথা বলে ওপরের অফিসারদের রোষানলে পড়তে চাই না।’এ ব্যাপারে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন বলেন, ‘আমার অফিস থেকে কোনো বিল উত্তোলন করতে খরচ লাগে না।’উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘কোনো কর্মী যদি স্ব-উদ্যোগে টাকা আদায় করে হিসাবরক্ষণ অফিসে দেন, তার জন্য আমি দায়ী নই।’ চিকিত্সা কর্মকর্তা (এমসিএইচ-এফপি) চন্দ্র শেখর কুণ্ডু বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করে শুনেছি বিভিন্ন অনুষ্ঠানের নামে কর্মীদের কাছ থেকে টাকা ওঠানো হয়। শুনেছি হিসাবরক্ষণ অফিসে বিল উত্তোলনের জন্য টাকা লাগবে তাই কর্মীরা নিজেদের উদ্যোগে এ টাকা ওঠাচ্ছে।’পরিবার পরিকল্পনা অধিদপ্তর যশোরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার ব্রহ্ম বলেন, ‘অভিযোগ যদি সত্য হয় তাহলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’