মনিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ
যশোরের মনিরামপুরে পুলিশের বিরুদ্ধে মাদক বেচাকেনায় সহযোগিতা, জুয়ার আসর বসানো, চোরাচালানে পৃষ্ঠপোষকতা, স্বজনপ্রীতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা কমিটির বিগত কয়েকটি সভায় পুলিশের বিরুদ্ধে কমিটির সদস্যরা কঠোর সমালোচনা করলেও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গত ৩১ অক্টোবর স্থানীয় সাংসদের উপস্থিতিতে মাসিক আইনশৃঙ্খলা সভায় কমিটির অধিকাংশ সদস্য পুলিশকে দোষারোপ করে।জানা যায়, অধিকাংশ সদস্য পুলিশের একচোখা আচরণ, মাদকের কারবার ও জুয়ার আসরে সহযোগিতা দেওয়াসহ তদন্ত ছাড়া মামলা রেকর্ড করে অভিযোগপত্র দেওয়ার অভিযোগ করে বক্তব্য দেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা খান টিপু সুলতান বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম রেজা, দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান সরদার বাহাদুর আলী, আওয়ামী লীগের নেতা জি এম মজিদ, প্রেসক্লাবের সভাপতি আব্বাস উদ্দীন, উত্তম চন্দ্র প্রমুখ। সভায় প্রধান উপদেষ্টা খান টিপু সুলতান উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করে বলেন, ‘জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, বিধায় পুলিশের কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করার এখতিয়ার আমার রয়েছে।’ তিনি পুলিশকে নিরপেক্ষ অবস্থানে থেকে নিজেদের আত্মশুদ্ধির মধ্য দিয়ে জনগণের নিরাপত্তা ও সুখ-শান্তি নিশ্চিত করতে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশ দেন।ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন বলেন, ‘মনিরামপুর উপজেলা মাদক পাচারের নিরাপদ রুট। প্রতিদিন ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের সীমান্তবর্তী ভারত থেকে মনিরামপুরে আসছে। আর এই মাদকদ্রব্য পাচারে মনিরামপুরের পুলিশ টোকেন স্লিপের মাধ্যমে মাদক কারবারিদের সরাসরি সহযোগিতা করছে। খেদাপাড়ার রঞ্জিতের দোকানে, চাকলা কামালের বাড়ির পাশে, রাজগঞ্জ বাজারে পুলিশের সহযোগিতায় অবাধে চলছে মাদক বিকিকিনি। ভোজগাতীর বিলে মদ তৈরির কারখানা গড়ে উঠেছে। রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এবং শ্যামকূড় ইউনিয়নের দুর্গাপুর বাঁশতলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত পুলিশকে ম্যানেজ করে জুয়াড়িরা আসর নিয়ে মেতে থাকে। আওয়ামী লীগ নেতা জি এম মজিদ বলেন, পুলিশ কোনো প্রকার তদন্ত ছাড়াই চার্জশিট দিয়ে সাধারণ জনগণকে হয়রানি করছে। সভায় উপস্থিত উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বলেন, ‘ঢালাওভাবে পুলিশের দোষ দেওয়াটা ঠিক নয়। সবার সহযোগিতা ছাড়া এসব অপরাধমূলক কাজ দমন করা সহজ নয়।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘বিশেষ কাজ থাকার জন্য আমি ওই দিন সভায় উপস্থিত থাকতে পারিনি। তবে সভায় উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির চেষ্টা করব।’