মনিরামপুরে ইউপি চেয়ারম্যান খুন
যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা প্রকাশ চন্দ্র সাহাকে (৪০) খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা তাঁর লাশ মাঠে ফেলে রেখে যায়। আজ সোমবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।নিহত প্রকাশ চন্দ্র সাহার স্ত্রী চন্দনা সাহা জানান, রাত ১০টার দিকে প্রকাশের মোবাইলে ফোন আসে। এর কিছুক্ষণ পর তিনি বাইরে যান। আর বাড়ি ফেরেননি তিনি।পুলিশ জানায়, আজ সকালে এলাকাবাসী মাঠে প্রকাশের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ পড়ে থাকা লাশের পাশ থেকে একটি রাইফেলের ভাঙা বাট এবং একটি গুলির খোসা উদ্ধার করে।খবর পেয়ে আজ যশোরের জেলা প্রশাসক মহিবুল হক, পুলিশ সুপার দিদার আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিক আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।