মনিরামপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা
যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকাশ সাহাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে তাঁর বাড়ি পূর্ব হোগলাডাঙ্গা গ্রামের পাশের একটি মাঠ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।নিহত প্রকাশ সাহার স্ত্রী চন্দনা সাহা জানান, রোববার রাত ১০টার দিকে চেয়ারম্যানের মোবাইল ফোনে একটি কল আসে। এর কিছুক্ষণ পর তিনি পোশাক পরে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। কোথায় যাবেন জানতে চাইলে তিনি বলেন, কাজীর গ্রামের রজব আলী ফকিরের ছেলে ইসলাম তাঁকে পার্শ্ববর্তী মাঠে তাঁর শ্যালো মেশিনের কাছে যেতে বলেছেন। এ কথা জানিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে এলাকাবাসী মাঠের মধ্যে শ্যালো মেশিনের টংঘরের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং মাথার পেছন দিকে গুলির চিহ্ন রয়েছে। এ সময় লাশের পাশ থেকে একটি রাইফেলের ভাঙা বাঁট এবং একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। যশোরের জেলা প্রশাসক মহিবুল হক, পুলিশ সুপার দিদার আহম্মেদ এবং মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিক আনোয়ার হোসেন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন।মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম গতকাল বিকেলে জানান, নিহতের স্ত্রী সন্দেহভাজন একজনের নাম জানিয়েছেন। তাঁকে আটক করা গেলে হয়তো হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে। তবে এখনো মামলা হয়নি।