মনিরামপুরে চার বছর ধরে শিক্ষা কর্মকর্তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলায় প্রায় চার বছর ধরে শিক্ষা কর্মকর্তা নেই। ভারপ্রাপ্ত দিয়েই চলছে বৃহত্তর এই উপজেলার শিক্ষা কার্যক্রম। সাতজন সহকারী শিক্ষা কর্মকর্তার (এটিইও) পদ থাকলেও বর্তমানে রয়েছে চারজন।উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৬ জুন যৌথ বাহিনীর হাতে ঘুষের টাকাসহ আটক হন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুদ্দীন মুত্তাকী। এর পরের দিন সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করে ২০০৭ সালের ৩০ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি অন্যত্র বদলি হলে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন অপর সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ। কিন্তু আবদুল আজিজের বিরুদ্ধে শিক্ষা উপকরণ ক্রয়সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ থাকায় কর্তৃপক্ষ তাঁকে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর সিলেটের সুনামগঞ্জে শাস্তিমূলক বদলি করে। এরপর অন্য সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম আর্থিক ক্ষমতা ছাড়াই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে দায়িত্ব পালন করেন মাত্র ১১ দিন। ২৩ সেপ্টেম্বর থেকে পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মনিরামপুরের অতিরিক্ত দায়িত্ব নেন। তিনি মাস তিনেক পর দায়িত্ব ছেড়ে দিলে অন্য সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হিসেবে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। জানা গেছে, উপজেলায় মোট ২৫৮টি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে সরকারি ১২০টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৩৮টি। আর এসব প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন এক হাজার ২২০ জন এবং শিক্ষার্থীসংখ্যা প্রায় ৩৫ হাজার।এ ব্যাপারে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘ভারপ্রাপ্তে আমি এখন ভারাক্রান্ত। এত বড় উপজেলায় জনবল কম থাকায় প্রশাসনিক কাজ করতে হিমশিম খেতে হচ্ছে।’এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরুণ কুমার সেনগুপ্ত বলেন, মনিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুদ্দিন মুত্তাকী বরখাস্ত হওয়ার পর পদটি শূন্য হয়নি। ফলে নতুন করে কাউকে পদায়ন করা সম্ভব হচ্ছে না।