মনিরামপুরে জলাবদ্ধতায় দুই হাজার হেক্টরে বোরো আবাদ বন্ধের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে ভবদহ-সংলগ্ন জিয়েলদহ বিলে জলাবদ্ধতার কারণে চলতি মৌসুমে প্রায় দুই হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় লোকজন ওই বিলের সংযোগ খালে বাঁধ দিয়ে মাছ ধরায় এবং মাছের ঘের দেওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার পাড়ালা, বাহিরঘরিয়া, ঘুঘুদহ, ফেদাইপুর, ভরতপুর, খাটুয়াডাঙ্গা, কামিনীডাঙ্গা, কুশরীকোনা, বিপ্রোকোনা, গোপালপুর ও দুর্বাডাঙ্গা গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের বছরে একটি মাত্র ফসল (বোরো) আসে এই জিয়েলদহ বিল থেকে। কিন্তু গত কয়েক বছরের মতো এবারও বিলে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বোরো আবাদ না হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। এলাকার কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, বিলে অপরিকল্পিতভাবে মাছের ঘের এবং বিল-সংলগ্ন সংযোগ খালে পাটা (বাঁশের তৈরি বেড়া দিয়ে নির্মাণ করা বাঁধ) দিয়ে মাছ ধরার কারণে পানিনিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ কারণে বোরোর আবাদ সম্ভব না হলে এ জনপদের মানুষের আবারও দুঃখ-কষ্ট বাড়বে। স্থানীয় দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার বাহাদুর আলী বলেন, ‘আমি জিয়েলদহ থেকে ডাইয়ের খাল পর্যন্ত পুনঃখনন ও বেড়িবাঁধ নির্মাণের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে (বিএডিসি) প্রকল্প দিয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা পার্থ প্রতীম সাহা বলেন, পানি নিষ্কাশন করে জিয়েলদহে বোরো আবাদের ব্যবস্থা করা হবে। কৃষি সম্প্রসারণ যশোরের উপপরিচালক বিপ্লব কুমার সাহা বলেন, ‘পানিনিষ্কাশন ও খাল খননের কাজটি বিএডিসি করে থাকে। আমি তাদের জিয়েলদহ বিলের জলাবদ্ধতা সম্পর্কে জানাব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, ‘অবৈধভাবে কেউ পাটা দিলে আমরা তা উঠিয়ে দেব।’