মনিরামপুরে জেনারেটর, কেরোসিন ও মোমবাতির কদর বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত লোডশেডিংয়ের কারণে যশোরের মনিরামপুরের গ্রাহকেরা এখন বিকল্প হিসেবে জেনারেটরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যদিকে সাধারণ মানুষের কাছে কেরোসিন ও মোমবাতির কদর বেড়েছে।যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর (মনিরামপুর) সদর দপ্তর সূত্রে জানা যায়, সমিতির আওতায় (মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, নড়াইল, লোহাগড়া) পিক আওয়ারে (বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত) বিদ্যুতের চাহিদা ৫২ মেগাওয়াট। আর অফ পিক আওয়ারে চাহিদা রয়েছে ৩৬ মেগাওয়াট। কিন্তু সরবরাহ করা হচ্ছে চাহিদার চার ভাগের এক ভাগ। ফলে গ্রাহকেরা বিদ্যুতের ওপর ভরসা না করে নতুন করে জেনারেটরের সংযোগ নিচ্ছে। মনিরামপুর পৌর শহরের ব্যবসায়ী মজিদ গাজী জানান, বিদ্যুতের ভেল্কিবাজিতে না পড়ে আবাসিকসহ বাণিজ্যিক গ্রাহকেরা বিভিন্ন জেনারেটর থেকে সংযোগ নিয়ে বাতি ও পাখা (ফ্যান) চালাচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, মনিরামপুর পৌর শহরের ২৫টি, রাজগঞ্জে সাতটি, কুয়াদায় চারটি, ঢাকুরিয়ায় পাঁচটি, নেহালপুরে চারটি, চিনাটোলায় পাঁচটি, খেদাপাড়ায় চারটি, চালকিডাঙ্গায় তিনটি, গোপালপুরে চারটিসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে শতাধিক ডিজেলচালিত জেনারেটরের সাহায্যে সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে। পৌর শহরের জেনারেটরের মালিক মন্টু মিয়া বলেন, ‘আমরা প্রতিদিন একটা বাতি জ্বালানোর জন্য পাঁচ টাকা এবং পাখা ঘোরানোর জন্য পাঁচ টাকা করে গ্রাহকদের কাছ থেকে নিয়ে থাকি।’ অপর জেনারেটর মালিক আসর আলী বলেন, ‘আমার জেনারেটর থেকে প্রায় চার শ গ্রাহকের সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে গ্রাহকেরা হঠাৎ করে জেনারেটরের সংযোগ নিতে ঝুঁকে পড়েছে।’এদিকে জেনারেটরের পাশাপাশি হাট-বাজারগুলোতে কেরোসিন ও মোমবাতির কদর বেড়েছে। ভয়াবহ লোডশেডিংয়ের কারণে কিছু অসাধু ব্যবসায়ী সংকট দেখিয়ে মোমবাতি ও কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পৌর শহরের জ্বালানি তেল ব্যবসায়ী রবিন ঘটক বলেন, ‘কেরোসিনের কোনো সংকট নেই এবং বেশি দামেও বিক্রি হচ্ছে না। তবে গ্রামগঞ্জে খুচরা বিক্রেতারা একটু বেশি নিতে পারে।’ কাশিপুর গ্রামের গোলাম রসুল বলেন, ‘এখন এক লিটার কেরোসিনের মূল্য ৬০ টাকা।’ হাঁসাডাঙ্গা গ্রামের আশরাফ আলী বলেন, ‘পাঁচ টাকার মোমবাতি এখন সাত টাকা এবং ১০ টাকার মোমবাতি ১৩ টাকায় বিক্রি হচ্ছে।’ পৌর শহরের মুদি ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘বাজারে সংকট থাকায় মোমবাতির দাম একটু বেড়েছে।’যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) সালাহ্ উদ্দীন বলেন, ‘সারা দেশে একই অবস্থা। যে যেভাবে পারছে বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর ও আইপিএস ব্যবহার করছে।’