মনিরামপুরে দুর্বৃত্তরা সরকারি গাছ কেটে সাবাড় করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে বিভিন্ন সড়কের পাশের সরকারি গাছ কেটে সাবাড় করার অভিযোগ পাওয়া গেছে। এলাকার একটি প্রভাবশালী চক্র এ গাছ কাটছে বলে জানা গেছে। এ চক্রটি ১৫ দিনের ব্যবধানে বিভিন্ন স্থান থেকে অন্তত সাত লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশের সরকারি গাছ কেটে বনায়নের ক্ষতিসাধন করছে। এ চক্রটি রাতের আঁধারে আবার কখনো দিনের বেলায় গাছ কাটছে। ১৫ দিনের ব্যবধানে উপজেলার চালকিডাঙ্গা-কালারহাট, মোহনপুর-নেহালপুর, তাহেরপুর-রাজগঞ্জ, আকরাম মোড়-খেদাপাড়া, মনিরামপুর-রোহিতা, আমিনপুর-ফকিররাস্তা ও চিনাটোলা-নেঙ্গুড়াহাট সড়কের দুই পাশ থেকে এ চক্রটি অন্তত ২০টি গাছ কেটে নিয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় সাত লাখ টাকা। এ ছাড়া ১৫ নভেম্বর ভোরে মনিরামপুর মহিলা মাদ্রাসার পাশ থেকে রফিকুল, শরিফুল, কামরুল ও আজগরের নেতৃত্বে এ চক্রটি একটি বড় শিশু গাছ কাটার সময় এলাকাবাসীর প্রতিরোধের মুখে চলে যেতে বাধ্য হয়। তবে ওই চক্রের সদস্য আজগার আলী গাছ কাটার কথা অস্বীকার করেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘গাছ কাটার জন্য আমরা কোনো অনুমতি দিতে পারি না। তবে অভিযোগ এলে আমরা পদক্ষেপ নিই।’ উপজেলা বন কর্মকর্তা আবদুল খালেক বলেন, ‘শুনেছি, দুর্বৃত্তরা বিভিন্ন স্থান থেকে সরকারি গাছ কেটে সাবাড় করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার কাছে লিখিত অভিযোগ দেয়নি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ‘আমি যোগদান করার পর অভিযোগ পেয়ে উপজেলার রোহিতা, শয়লা ও গৌরীপুরে সরেজমিনে গিয়ে ব্যবস্থা নিয়েছি।’