মনিরামপুরে নদীর খননকাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভবদহসংলগ্ন মনিরামপুরে টেকা-মুক্তেশ্বরী নদীর পুনঃখনন কাজে ব্যাপক অনিয়ম এবং শ্রমিকদের অসন্তোষের অভিযোগ পাওয়া গেছে। নদী খননের শুরুতেই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কতিপয় কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের স্বেচ্ছাচারিতার কারণে আসন্ন বর্ষা মৌসুমের আগে নদী খনন করা সম্ভব হবে না বলে আশঙ্কা দেখা দিয়েছে।পাউবোর সূত্রে জানা যায়, টেকা-মুক্তেশ্বরী নদীর পানিপ্রবাহ বৃদ্ধির জন্য সরকার সাত কোটি টাকা ব্যয়ে ভবদহের টেকারঘাট সেতুর উত্তর পাশ থেকে নেবুগাতী পর্যন্ত প্রায় আট কিলোমিটার নদী পুনঃখনন এবং উভয় তীরের চার কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। সে অনুযায়ী কার্যাদেশ পেয়ে ১ এপ্রিল থেকে ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ শুরু করে। কিন্তু অভিযোগ পাওয়া গেছে, কার্যাদেশ অনুযায়ী কাজ করা হচ্ছে না। কার্যাদেশে স্থানভেদে নদী তিন থেকে চার ফুট গভীর এবং ৩০ থেকে ৩৪ ফুট চওড়া করার কথা। কিন্তু গভীর করা হচ্ছে দুই থেকে আড়াই ফুট এবং চওড়া করা হচ্ছে ২৫ থেকে ৩০ ফুট। এর ওপর ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও ঠিকাদারেরা স্বল্পসংখ্যক শ্রমিক দিয়ে ধীরগতিতে খননকাজ করাচ্ছেন। এভাবে কাজ চললে নির্দিষ্ট মেয়াদে কাজ সম্পন্ন না হওয়ার আশঙ্কা রয়েছে।১৯ এপ্রিল সরেজমিনে দেখা যায়, টেকা সেতুর উত্তর পাশে এক হাজার মিটার খনন করছেন মেসার্স আলী হায়দারের পক্ষে কেশবপুরের রাম ও মোহন নামের দুই ঠিকাদার। স্থানীয় বারান্দী গ্রামের মান্দার বিশ্বাস (৫৫) বলেন, ‘এক বছর আগে এ নদী খনন করা হয়েছিল এবং সে সময় অনিয়ম হওয়ায় আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু এবার আরও বেশি অনিয়ম করা হচ্ছে। বিশেষ করে কেশবপুরের রাম ও মোহন এ কাজের তদারকি কর্মকর্তা পাউবোর উপসহকারী প্রকৌশলী (এসএই) ফারাইজুল ইসলামের সঙ্গে যোগসাজশ করে কার্যাদেশ অনুসারে খনন না করে নয়ছয় করে কাজ সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছেন। নদীর দুই পাশের উঁচু-নিচু মাটি ছেঁটে তলদেশের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। আবার কোনো কোনো স্থানে নদীর তলদেশের মাটি না কেটে সমান করে দেওয়া হচ্ছে।’শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা যায়, সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত কাজ করে তাঁরা ১০০ টাকা মজুরি পাচ্ছেন। ফলে কম মজুরি পাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিক মতিয়ার (২৯) বলেন, এখন ইরি-বোরো কাটার ধুম পড়েছে। একজন শ্রমিক ধান কেটে প্রতিদিন ২০০-৩০০ টাকা পাচ্ছেন। অথচ এখানে দেওয়া হচ্ছে মাত্র ১০০ টাকা। এই মজুরিতে একজন শ্রমিকও নদী খনন করতে আসবেন না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে খননকাজ সম্পন্ন না হওয়ার আশঙ্কা বেশি।ঠিকাদার মোহন বলেন, ‘আমরা কার্যাদেশ অনুযায়ী কাজ করছি এবং এতে কোনো প্রকার অনিয়ম করা হচ্ছে না।’এ ব্যাপারে এসএই ফারাইজুল ইসলাম বলেন, কাজ এখনো শেষ হয়নি। মানুষ এ অভিযোগ করে কীভাবে? কার্যাদেশ অনুযায়ী ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নেওয়া হবে।পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার বলেন, ‘খননকাজ কেবল শুরু হয়েছে। ৩০ জুনের মধ্যে সম্পন্ন হলে তখন আমরা ঠিকাদারের কাছ থেকে কার্যাদেশ অনুযায়ী কাজ বুঝে নেব।’