মনিরামপুরে পানের বরজ পাতাপচা রোগে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে প্রায় ৫০ হেক্টর পানের বরজে পাতাপচা রোগ দেখা দিয়েছে। পানচাষিরা এ উপসর্গকে পাতাপচা রোগ অভিহিত করলেও কৃষি বিভাগের দাবি, মাত্রাতিরিক্ত জৈব সার প্রয়োগের ফলে ছত্রাক আক্রান্ত হয়ে পাতা শুকিয়ে নষ্ট হচ্ছে। হঠাৎ করে এ রোগের প্রাদুর্ভাবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে।এলাকাবাসী ও কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে এবার পান চাষ করা হয়েছে। এর মধ্যে বেশি চাষ করা হয়েছে ঢাকুরিয়া ও মশ্মিমনগর ইউনিয়নে। কিন্তু অনাবৃষ্টির কারণে পানের ফলন ভালো হয়নি। তার ওপর হঠাৎ করে পাতাপচা রোগে আক্রান্ত হয়ে পান কালো ও হলুদ হয়ে পচে নষ্ট হচ্ছে। গত ২৫ নভেম্বর উপজেলার তারুয়াপাড়া গ্রামের কয়েকটি পান বরজ ঘুরে দেখা যায়, অধিকাংশ বরজের পাতা ছোপ ছোপ কালো ও হলুদ দাগে পরিপূর্ণ। কয়েকজন চাষি জানান, বর্তমানে পান চাষ বেশ লাভজনক। বিদেশে পান রপ্তানি করার সুবাদে কৃষকেরা গত কয়েক বছর পান চাষের প্রতি ঝুঁকে পড়েছেন। এ ছাড়া পানের বর্তমান বাজারমূল্য বেশ চড়া হলেও সম্প্রতি ছত্রাক জাতীয় রোগের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় তাঁরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ করেন, এ রোগ থেকে প্রতিকার চেয়ে তাঁরা স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে ধরনা দিলেও তিনি তাঁদের কথায় গুরুত্ব দেননি। সুবোলকাঠি গ্রামের পান চাষি বিদ্যুৎ রায় বলেন, ‘আমার তিনটি পানের বরজ পাতাপচা রোগে প্রায় সাবাড়। অথচ উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল রশিদের কাছে বারবার ধরনা দিলেও তিনি কোনো পরামর্শ দেননি।’ তারুয়াপাড়ার স্বপন দাস বলেন, ‘কী কারণে পচে পান শুকিয়ে ঝরে যাচ্ছে তা বুঝতে পারছি না।’ পানচাষি নির্মল দে জানান, খৈল ছিটিয়ে দেওয়ার পর পরই যদি বৃষ্টি হয় তাহলে পচতে পারে। কিন্তু দীর্ঘদিন কোনো বৃষ্টির দেখা নেই।ঢাকুরিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল রশিদ বলেন, ‘চাষিরা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা পুরোপুরি সত্যি নয়। কয়েকজন চাষির সঙ্গে তার বরজ নিয়ে আলাপ হয়েছে। কিন্তু তাঁরা আমাকে পাতাপচা রোগ সম্পর্কে কিছু জানাননি।’ উপজেলা কৃষি কর্মকর্তা পার্থপ্রতিম সাহা বলেন, ২৬ নভেম্বর আমি সরেজমিন পান বরজ ঘুরে দেখে যা বুঝেছি, তাতে মনে হয়েছে, মাত্রাতিরিক্ত জৈব সার (খৈল) প্রয়োগের ফলে ছত্রাক আক্রান্ত হয়ে পাতা শুকিয়ে যাচ্ছে। পচাপাতাগুলো বরজ থেকে সরিয়ে পুড়িয়ে ফেলতে হবে এবং বরজে ছত্রাক নাশক ছিটাতে হবে। এদিকে পানের এই রোগ নির্ণয় করতে বরিশাল আঞ্চলিক গবেষণা স্টেশনে পানের নমুনা পাঠানো হয়েছে। কৃষকদের অভিযোগ সঠিক হলে উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’কৃষি সম্প্রসারণ যশোরের উপপরিচালক বিপ্লব কুমার সাহা বলেন, ‘এটি একটি ছত্রাক আক্রান্ত রোগ। যা নিয়ন্ত্রণ করা খুবই সহজ।’