পুলিশ হত্যা মামলার আসামি ধরতে অভিযান
মনিরামপুরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিতে একজন নিহত
হত্যা মামলার আসামিকে ধরতে গতকাল শুক্রবার ভোরে যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে আনিছুর রহমান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের সদস্যসহ অন্তত ৩৫ জন।পুলিশ দাবি করেছে, সংঘর্ষে লিপ্ত ব্যক্তিরা জামায়াত-শিবিরের। পুলিশের দাবি প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়েছে। আনিছুর রহমানকে নিজেদের কর্মী দাবি করে তাঁকে হত্যার প্রতিবাদে কাল রোববার মনিরামপুরে অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াত।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৩১ জানুয়ারি মনিরামপুরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের এক সদস্য মারা যান। ওই ঘটনায় একটি মামলা হয়। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে ভোরে আটটি গাড়িতে অন্তত ১৫০ জন পুলিশের একটি দল অভিযান চালাতে জয়পুর গ্রামে যায়। অভিযানে মামলার এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জয়পুর গ্রামের আক্কাস আলী (৪০), তোফাজ্জেল হোসেন (৪৫), মোশারফ হোসেন (৪৪) ও মিজানুর রহমান (৫০)। পুলিশ দাবি করেছে, অভিযানের সময় জামায়াতের নেতা-কর্মীরা ‘ডাকাত’ বলে গুজব ছড়িয়ে গ্রামের লোকজনকে সংগঠিত করে পুলিশকে ঘিরে ফেলে।পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ার পর পুলিশকে লক্ষ্য করে লোকজন ইটপাটকেল ছুড়তে থাকে। সংঘর্ষের ঘটনার প্রতিবাদে জামায়াতের কর্মীরা ভোর থেকে বেলা দুইটা পর্যন্ত যশোর-সাতক্ষীরা ও ঠাকুরিয়া-মনিরামপুরসহ গ্রামের কয়েকটি সড়কের পাশের গাছ কেটে সড়ক অবরোধ করে রাখেন। এতে মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, নিয়মিত মামলার আসামি ধরতে গেলে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা ইটপাটকেল ছুড়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের ব্যবহূত দুটি জিপ ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের অন্তত ১৫ জন সদস্য আহত হয়েছেন।আনিছুর রহমান জয়পুর গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্তের পর গতকাল বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও ময়নাতদন্ত দলের সদস্য আলমগীর কবীর বলেন, গুলিতেই আনিছুরের মৃত্যু হয়েছে।জেলা জামায়াতের আমির আবদুর রশিদ অভিযোগ করে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে নিয়ে পুলিশ অভিযানে গিয়েছিল। তাই লোকজন ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। আনিছুরকে জামায়াতের সমর্থক দাবি করে তিনি বলেন, পুলিশ তাঁকে গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে। পুলিশের হামলায় জামায়াতের অন্তত ২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। আর গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জামায়াতের সমর্থক।এই অভিযোগ অস্বীকার করে যশোরের সহকারী পুলিশ সুপার (‘খ’ সার্কেল) মোস্তাফা কামাল বলেন, ‘অভিযানে যেখানে পুলিশ বাহিনীর দেড় শতাধিক সদস্য রয়েছেন, সেখানে আওয়ামী লীগ বা অন্য কোনো সাধারণ লোকজন লাগবে কেন?’ সংঘর্ষে রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের প্রায় এক শ গুলি ছোড়া হয়েছে বলে তিনি জানান। এদিকে আনিছুরের ভাই মুনছুর মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই কোনো দল করত না। আমরা দুই ভাই ইটভাটায় ইট কাটা শ্রমিকের কাজ করি।’ আনিছুর রহমানকে হত্যার প্রতিবাদে কাল রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত যশোরের মনিরামপুর উপজেলায় জেলা জামায়াতের পক্ষ থেকে হরতাল ডাকা হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা জামায়াতের আমির মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।