মনিরামপুরে বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে ট্রান্সফরমারের সংকটসহ পল্লী বিদ্যুতের বিভিন্ন শর্ত জুড়ে দেওয়ার কারণে কৃষকেরা চলতি মৌসুমে সময়মতো বিদ্যুত্সংযোগ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। যশোর পল্লী বিদ্যুত্ সমিতি-২ (মনিরামপুর) সূত্রে জানা যায়, গত এক বছরে উপজেলায় সমিতির আওতাধীন এলাকা থেকে ৫১টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। বর্তমানে ৫ কেভিএ ট্রান্সফরমারের মূল্য প্রায় ৪০ হাজার, ১০ কেভিএর মূল্য প্রায় ৬০ হাজার ও ২৫ কেভিএর মূল্য ১ লাখ টাকার ওপরে।কৃষক ও সেচযন্ত্রের মালিক সূত্রে জানা যায়, নিয়মানুযায়ী চুরি যাওয়ার পর ওই সব স্থানে সংশ্লিষ্ট সমিতির নতুন করে ট্রান্সফরমার প্রতিস্থাপন করার কথা। কিন্তু গত এক বছর ধরে ট্রান্সফরমারের সংকট দেখিয়ে কর্তৃপক্ষ সেচমালিকদের নিজেদের টাকায় তা কিনে পুনঃসংযোগ নিতে বলেছে। আবার নতুন করে সংযোগ নিতে উপজেলা সেচকমিটির বিভিন্ন শর্ত পূরণ করতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। ফলে ১ জানুয়ারি থেকে বোরো আবাদ শুরু হলেও উপজেলার প্রায় ৮৫ ভাগ কৃষক এখনো জমিতে সেচ দিতে না পারায় জমি প্রস্তুত করতে পারেননি। খালিয়া গ্রামের কৃষক আহাদ আলী (৩৩) জানান, তিনি এবার বোরো আবাদের জন্য নতুন সেচসংযোগ নিতে উপজেলা সেচকমিটির কাছে শর্তাবলি পূরণ করে আবেদন করেছেন। কিন্তু সেচকমিটির ছাড়পত্র না পাওয়ায় পল্লী বিদ্যুত্ সমিতিতে গিয়ে প্রাথমিক সমীক্ষা ফি জমা দিতে পারছেন না। তেঁতুলিয়া গ্রামের কৃষক আবুল খায়ের ও সিরাজুল ইসলাম জানান, ২০০৯ সালের ১৯ মে তাঁদের ট্রান্সফরমার চুরি হয়। সমিতির কার্যালয়ে অনেক ঘোরাঘুরি করেও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে তাঁরা গরু-ছাগল বিক্রি করে ট্রান্সফরমার কিনেছেন। সরজমিনে ২৪ জানুয়ারি পল্লী বিদ্যুতের সদর দপ্তরে (মনিরামপুর) গিয়ে দেখা যায়, সেচসংযোগ নেওয়ার জন্য অনেক গ্রাহক সমিতির ওয়ান পয়েন্টে (গ্রাহকসেবা) ভিড় করছেন। এ সময় কেশবপুর বাউশলা গ্রামের শফিকুল (২৫) ক্ষোভের সঙ্গে জানান, প্রায় এক বছর ধরে তাঁর জমিতে সেচসংযোগ নেওয়ার জন্য কেশবপুর জোনাল অফিসসহ মনিরামপুর সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে কর্মকর্তারা সময়ক্ষেপণ করছে। যশোর পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর মহাব্যবস্থাপক সালাহউদ্দীন আল বিতার বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চুরি যাওয়া ট্রান্সফরমার স্ব-স্ব গ্রাহকদের কিনে প্রতিস্থাপনের জন্য বলেছি। এ ছাড়া নতুন গ্রাহকদেরও নিজেদের টাকায় ট্রান্সফরমার কিনে সংযোগ নিতে হবে।’