মনিরামপুরে ভয়াবহ লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-২ (মনিরামপুর) আওতায় বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। রাতদিন মিলিয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০ ঘণ্টাও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ কারণে জনসাধারণ পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে ফুঁসে উঠছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৫৯৩ হেক্টর জমি। মৌসুমের শুরুতে অনাবৃষ্টির কারণে বিদ্যুৎচালিত সেচপাম্প ব্যবহার করতে হচ্ছে। কিন্তু বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারণে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা যায়, মনিরামপুরে বিদ্যুৎ সরবরাহ থাকছে সাত থেকে আট ঘণ্টা। তার ওপর আধাঘণ্টার বেশি একনাগাড়ে সরবরাহ থাকছে না। ফলে এলাকার কৃষকসহ জনসাধারণের মধ্যে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে দিন দিন অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-২ (মনিরামপুর) মহাব্যবস্থাপক (জিএম) সালাহ উদ্দীন আল-বিতার বলেন, ‘এ সমিতির আওতায় (মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, নড়াইল, লোহাগড়া) পিক আওয়ারে (বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত) বিদ্যুতের চাহিদা ৫২ মেগাওয়াট। আর অফপিক আওয়ারে চাহিদা রয়েছে ৩৬ মেগাওয়াট। কিন্তু সরবরাহ করা হচ্ছে চাহিদার এক-তৃতীয়াংশ।’