মনিরামপুরে মৎস্য চাষ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে অনাবৃষ্টির কারণে জলাশয়ে পর্যাপ্ত পানি না থাকায় এবার মৎস্য চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মনিরামপুরে মাছের চাষযোগ্য জলাশয়ের মধ্যে পুকুরের সংখ্যা ১০ হাজার ৬৪৩টি, ঘের চার হাজার ৬৪২টি, ধানখেত ৯০০টি, বাওড় পাঁচটি, নদী তিনটি ও বিল ১৩টি। এসব জলাশয়ে মাছের বার্ষিক গড় উৎপাদন প্রায় ১২ হাজার মেট্রিক টন। অনাবৃষ্টির কারণে পর্যাপ্ত পানি না থাকায় এবার অধিকাংশ জলাশয়ে মাছ চাষ করা সম্ভব হয়নি।জানা গেছে, গত পাঁচ বছরে চাষযোগ্য মৎস্য খামারগুলোয় পানির গড় গভীরতা ছিল পাঁচ থেকে ছয় ফুট। অথচ বর্ষা মৌসুম শেষ হলেও এবার জলাশয়গুলোয় এক থেকে দুই ফুটের বেশি পানি না থাকায় অধিকাংশ জলাশয়ে মাছ চাষ করা সম্ভব হয়নি। আবার অব্যাহত লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎচালিত সেচপাম্প বন্ধ থাকায় সময়মতো জলাশয়ে পানি সেচ দেওয়াও সম্ভব হয়নি। অনেক চাষি বৃষ্টির পানির দিকে চেয়ে থেকে পানি না পেয়ে হতাশ হয়ে মাছ চাষের উপযুক্ত সময় পার করে দিয়েছেন।অন্যদিকে খাল-বিলের অবস্থাও একই রকম। বিশেষ করে উপজেলার ভবদহ অঞ্চলের পাঁচটি বিলে পানি না থাকায় এবার দেশি প্রজাতির মাছের উৎপাদন নেই বললেই চলে।রোহিতা গ্রামের মৎস্যচাষি আইউব বিশ্বাস জানান, পানির অভাবে এবার ঘের-বেড়িতে উল্লেখযোগ্য কোনো মাছ চাষ করতে পারেননি। তবে পরিবারের চাহিদা পূরণের জন্য বাড়ির পুকুরে সামান্য কিছু কার্পজাতীয় মাছ চাষ করেছেন।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, অনাবৃষ্টির কারণে এবার মাছের বার্ষিক গড় উৎপাদন অর্ধেকেরও নিচে নেমে যাবে। জলাশয়গুলো চাষযোগ্য এবং উৎপাদন বাড়াতে হলে সংশ্লিষ্ট সবাইকে নতুন করে ভাবতে হবে। অন্যথায় জাতীয় পুষ্টির চাহিদা ও খাদ্যনিরাপত্তা হুমকির সম্মুখীন হবে।