মনিরামপুরে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে আজ সোমবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ঘটনাস্থলে শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাজগঞ্জ-যশোর সড়ক প্রায় আট ঘণ্টা অবরোধ করে রাখে।নিহত ব্যক্তিরা হলেন পিয়ারী বেগম (২৫), আমেনা বেগম (৫০) ও শাওন (৭)। আহত ব্যক্তিদের যশোরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার রাজগঞ্জ বাজার থেকে সকাল সাতটার দিকে একটি যাত্রীবাহী বাস যশোরের উদ্দেশে ছেড়ে যায়। পথে পলাশী কলেজের পাশে হরিহর নদীর সেতু পার হওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে।এদিকে দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ওই সড়কে প্রায় আট ঘণ্টা অবরোধ করে রাখে। পরে বেলা তিনটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানিয়েছেন।