আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। প্রার্থীরা পাড়ায় পাড়ায় গিয়ে নানা অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় শুরু করেছেন। অনেকে আবার বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন। ইতিমধ্যেই আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার জন্য উপজেলার ১৭টি ইউনিয়নে ৭৩ জন নিজেদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। গত আট বছর নির্বাচন না হওয়ায় নির্বাচন ও প্রার্থী নিয়ে ভোটারদের মধ্যেও উৎসাহের কমতি নেই।সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেই হিসাব মাথায় রেখে তাঁরা জোরেশোরে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।জানা গেছে, ২০০৩ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে সাতটিতে আওয়ামী লীগ, আটটিতে বিএনপি এবং জামায়াত ও জাতীয় পার্টি একটি করে ইউপি চেয়ারম্যান পদে জয়লাভ করে। আগামী নির্বাচনে বিএনপির একক প্রার্থী মাঠে থাকায় দলীয় নেতারা বেশ খোশমেজাজে আছেন। তবে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মাঠে থাকায় দলীয় নেতারা নির্বাচন নিয়ে বেশ চিন্তিত।এলাকায় ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নেবেন ১ নম্বর রোহিতা ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত আনছার আলী, আইউব আলী, লিয়াকত বিশ্বাস, কাদের আলী ও হাফিজুর রহমান এবং বিএনপি সমর্থিত মিজানুর রহমান; ২ নম্বর কাশিমনগর ইউনিয়নে আওয়ামী লীগের তৌহিদুর রহমান, মাস্টার ওজিউল্লাহ্, স্বপন দাস ও প্রদীপ দাস এবং বিএনপির আ. রাজ্জাক ও আহাদ আলী; ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নে আওয়ামী লীগের আ. রাজ্জাক, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম ও নুরুজ্জামান এবং বিএনপির কওছার আলী ও লাল্টু; ৪ নম্বর ঢাকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের এরশাদ আলী, লাল্টু, রাম মজুমদার ও দুর্গাপদ সিংহ এবং বিএনপির একমাত্র প্রার্থী মিজানুর রহমান; ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়নে আওয়ামী লীগের সুকৃতি বিশ্বাস, বিকাশ মণ্ডল, নিতাই কুমার, নিরঞ্জন কুমার ও নজরুল ইসলাম এবং বিএনপির রেজাউল ইসলাম; ৬ নম্বর মনিরামপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের শহিদুল ইসলাম, মনিরুজ্জামান ও আবুল হোসেন এবং বিএনপির নিস্তার ফারুক ও সাইফুল ইসলাম; ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের উত্তম চন্দ্র, মুজিবর রহমান ও আ. কুদ্দুস এবং বিএনপির একমাত্র প্রার্থী ওমর ফারুক; ৮ নম্বর হরিহরনগর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মাস্টার মফিজুর রহমান, জহুরুল ইসলাম ও রিপন কর এবং জামায়াত-সমর্থিত নজরুল ইসলাম (এ ইউনিয়নে বিএনপির কোনো প্রার্থী মাঠে নেই); ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত আ. বাশার, আ. রশিদ, মারুফ হোসেন, গোলাম রসুল ও মফিজুর রহমান এবং বিএনপির আলাউদ্দীন আলী; ১০ নম্বর মশ্মিমনগর ইউনিয়নে আওয়ামী লীগের আবুল হোসেন ও ফেরদৌস আলী এবং বিএনপি-সমর্থিত আ. গফুর; ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নে আ. লীগের আবুল ইসলাম ও আকরাম আলী এবং বিএনপির বজলুর রহমান; ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নে আওয়ামী লীগের নজরুল ইসলাম, শের আলী ও আসগর আলী এবং বিএনপির মশিউর রহমান; ১৩ নম্বর খানপুর ইউনিয়নে আওয়ামী লীগের গাজী মোহাম্মদ ও গোলাম মোস্তফা এবং বিএনপির সিরাজুল ইসলাম; ১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী সরদার বাহাদুর আলী এবং বিএনপির ওয়াহাব আলী; ১৫ নম্বর নেহালপুর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত রুহুল আমিন ও শামসুর রহমান, বিএনপির নাজমুস সা’দত এবং জাতীয় পার্টির কামরুজ্জামান; ১৬ নম্বর কুলটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস ও সুকৃতি বিশ্বাস এবং বিএনপির লক্ষ্মণ কুমার মণ্ডল; ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত কালিপদ মণ্ডল ও মোহিতুজ্জামান এবং বিএনপির আকতার ফারুক। সম্ভাব্য এসব প্রার্থী ইতিমধ্যে এলাকার উন্নয়নমূলক কাজে নিজেদের শরিক করতে উঠেপড়ে লেগেছেন। জনগণের বিপদ-আপদে ছুটে গিয়ে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সম্ভাব্য প্রার্থী জানান, ঈদুল ফিতর উপলক্ষে অনেক সমর্থক-শুভাকাঙ্ক্ষীকে পাঞ্জাবিসহ বিভিন্ন উপহার দিয়ে তাদের খুশি করার চেষ্টা করেছেন। আবার কয়েক দিন বাদেই দুর্গাপূজা। গরিব ভোটারদের জামাকাপড় ও অন্যান্য সহযোগিতা দিয়ে কীভাবে সহজে তাদের মন জয় করা যায় তা নিয়েও তাঁরা ভাবছেন।