মনিরামপুরে ২৪ দিনে ১৮ বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে ৭ জুলাই রাতে আবারও একটি বাড়িতে সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়েছে। এ নিয়ে ২৪ দিনে ১৮টি স্থানে ডাকাতি হলো। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন রাত উপজেলার চরমপন্থী অধ্যুষিত কালিবাড়ী-মনোহরপুর সড়কে ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত প্রায় দুই ঘণ্টাব্যাপী গণডাকাতি করে। ডাকাতেরা এ সময় কয়েকজন পথচারীর কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা এবং নয়টি মোবাইল ফোনসেট নিয়ে যায়। একই রাতে ডাকাতদল নেহালপুর মেঠোপাড়ার কৃষক ওহাব আলী বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদসহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। গত ১৬ জুন রাতে দোদাড়িয়া সেতুর কাছে গণডাকাতি হয়। একই রাতে হানুয়ার গ্রামের মাস্টার মতিয়ার রহমানের বাড়িতে ডাকাতেরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে যায়। ১৭ জুন রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামের বিশ্বকবিরাজ, মাস্টার মনোরঞ্জন, মাস্টার সমর এবং গোপীনাথ মিস্ত্রির বাড়িতে পর্যায়ক্রমে ডাকাতি হয়। ২৬ জুন রাতে টেংরামারী বাজারে নৈশপ্রহরীদের বেঁধে ডাকাতেরা কয়েকটি দোকান থেকে মালামাল নিয়ে যায়। ৩০ জুন রাতে হাফপ্যান্ট পরিহিত ২০-২৫ সদস্যের সশস্ত্র ডাকাত উপজেলার মুক্তারপুর গ্রামের ওবায়দুর রহমান, আবদুল করিম, আবদুর রহিম ও রমজান আলীর বাড়িতে ডাকাতি করে। ৫ জুলাই রাত ১০টার দিকে উপজেলার মনোহরপুর-কালিবাড়ী সড়কের ঝিকরডাঙ্গা নামের স্থানে ডাকাতি সংঘটিত হয়। ৬ জুলাই রাত দুইটার দিকে পৌরশহরের জয়নগর গ্রামে পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন এবং ব্যবসায়ী হাতেম আলী খানের বাড়িতে ২০-২৫ সদস্যের সশস্ত্র ডাকাত বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের পিটুনিতে গৃহবধূ রহিমা খাতুনসহ (৪৫) তিনজন আহত হন। সর্বশেষ ৭ জুলাই রাতে হাফপ্যান্ট পরা ১৫-১৬ সদস্যের ডাকাত জালঝাড়া গ্রামের মাস্টার ওয়ায়েজ উদ্দীনের বাড়িতে পরপর তিনটি বোমা ফাটিয়ে ঘরের দরজা ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দিলে ডাকাতেরা গৃহকর্তা ওয়ায়েজ উদ্দীন, লিটনসহ তিনজনকে আহত করে। গৃহকর্তার ছেলে প্রভাষক আহসান হাবিব জানান, ডাকাতি কালে বাড়ির অদূরে টহল পুলিশ থাকলেও ডাকাতেরা চলে যাওয়ার পর ঘটনাস্থলে আসে।এ ব্যাপারে খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় ৩০ জুন উপজেলা আইনশৃঙ্খলা সভায় আমরা সব জনপ্রতিনিধি উদ্বেগ প্রকাশ করেছি। অথচ পুলিশ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘ডাকাতির ঘটনা সব সত্য নয়। এ উপজেলার আয়তন খুব বড় হওয়ায় সীমিত জনবল নিয়ে চেষ্টা করছি আইনশৃঙ্খলা উন্নতির জন্য।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিক আনোয়ার হোসেন বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।’যশোরের পুলিশ সুপার (এসপি) দিদার আহম্মদ বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশি টহল জোরদার করার জন্য আমি থানার ওসিকে নির্দেশ দিয়েছি।’