মনিরামপুরে ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
মনিরামপুরে সন্ত্রাসী হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগের এক মাস পর আদালতের নির্দেশে পুলিশ ২০ আগস্ট উপজেলা যুবলীগের সভাপতি, পৌর সভাপতিসহ যুবলীগ ও ছাত্রলীগের ২৮ জন নেতা-কর্মীর নামে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছে। তবে পুলিশ কোনো আসামিকে আটক করতে পারেনি। পুলিশ জানায়, পৌর মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন বাদী হয়ে যুবলীগের সভাপতি দেবাশীষ সরকার, আদম আলীসহ যুবলীগ ও ছাত্রলীগের ২৮ জন নেতা-কর্মীর নামে প্রথমে থানায় অভিযোগ করেন। কিন্তু পুলিশ ওই অভিযোগটি এজাহার হিসেবে না নেওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন। যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (‘খ’ অঞ্চল) আবদুল্লাহ আল মামুন ১৯ আগস্ট অভিযোগটি আমলে নিয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ফলে থানার ওসি মতিউর রহমান ২০ আগস্ট ২৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাটি রুজু করেন।