মনিরামপুরে ৬ জন চেয়ারম্যানকে হত্যার হুমকি দিয়েছে চরমপন্থীরা
যশোরের মনিরামপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকাশসহ চারটি হত্যাকাণ্ডের পর চরমপন্থী পরিচয়ে আরও ছয় চেয়ারম্যানকে হত্যার হুমকি দেওয়ায় মনিরামপুরের জনপ্রতিনিধিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি রাতে হরিদাশকাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকাশচন্দ্র সাহা (৪০) দুর্বৃত্তদের হাতে নিজ গ্রাম হোগলাডাঙ্গার মাঠে নৃশংসভাবে খুন হয়। একই দিন বিকেলে চালুয়াহাটি দফাদারপাড়ার বজলুর রহমানের মেয়ে মুর্শিদা খাতুনের (১৫) লাশ বাড়ির পাশে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। ২৩ ফেব্রুয়ারি রাতে মনিরামপুরের হোগলাডাঙ্গা তালতলা মোড়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের মোটরসাইকেল চালক নূর মোহাম্মদ (৪০)। সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি খুন হন দোদাড়িয়া গ্রামের রমজান আলী মোড়লের শারীরিক প্রতিবন্ধী ছেলে জহুরুল ইসলাম (২২)। এসব ঘটনার পর এবার নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির পরিচয়ে ২৪ ফেব্রুয়ারি উপজেলার খানপুর ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং দূর্বাডাঙ্গা ইউপির চেয়ারম্যান সরদার বাহাদুর আলীকে মুঠোফোন থেকে (০১৭৪১-৪৮৭৬০৫) চাঁদা চেয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এ ছাড়া ১ মার্চ শ্যামকুড় ইউপির চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, মশ্বিমনগর ইউপি চেয়ারম্যান এম এ গফুর, চালুয়াহাটি ইউপির চেয়ারম্যান বজলুর রহমান, ঝাঁপা ইউপির চেয়ারম্যান মফিজুর রহমানকে একই মুঠোফোন থেকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় উপজেলার ১৭ জন ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শ্যামকুড় ইউপির চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘মোবাইল ফোনে ওরা দুই দফা আমাকে এবং আমার সন্তানকে অপহরণ করে হত্যার হুমকি দিয়েছে। বিষয়টি আমি তাত্ক্ষণিকভাবে থানার ওসিকে অবহিত করেছি।’ চালুয়াহাটি ইউপির চেয়ারম্যান বজলুর রহমান বলেন, ‘চরমপন্থীদের হুমকিতে আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। জনমনেও আতঙ্ক বিরাজ করছে। ফলে বিভিন্ন হাটবাজার সন্ধ্যার পর প্রায় জনশূন্য হয়ে পড়ছে।’