মনিরামপুরের স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে এন্তার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) আবুল হাশেমের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ পাওয়া গেছে।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মানুষের বিশুদ্ধ খাদ্য নিশ্চিতসহ স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বেচাকেনায় সহায়তা করতে উপজেলায় একজন স্বাস্থ্য পরিদর্শক কাজ করেন। কিন্তু মনিরামপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল হাশেম তাঁর ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করে প্রায় সময়ই উৎকোচ আদায়ে ব্যস্ত থাকেন বলে অভিযোগ রয়েছে। একই অভিযোগে কর্তৃপক্ষ তাঁকে ঝিকরগাছা উপজেলা থেকে গত বছরের ১৩ এপ্রিল মনিরামপুর বদলি করে।পৌর শহরের পানের দোকানি মিজান বলেন, ‘প্রতিদিন সন্ধ্যায় ইন্সপেক্টর স্যারকে বিনা পয়সায় ভালো করে পাঁচটি পান তৈরি করে দিই।’ চাঁদ বেকারির মালিক জসিম উদ্দীন বলেন, ‘মাসোহারা না দিলে ইন্সপেক্টর প্রায়ই আমার বেকারি ও কারখানায় এসে খাদ্যদ্রব্য পরীক্ষার নামে হয়রানি করেন।’ দাদাভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক মনোরঞ্জন ঘোষ বলেন, ‘দোকানে এসে কোনো ত্রুটি না পেলেও তিনি প্রায়ই আত্মীয়স্বজনের বাড়িতে বেড়ানোর নাম করে টাকা না দিয়ে মিষ্টি নিয়ে যান। মানসম্মানের দিকে তাকিয়ে আমরা তাঁকে কিছু বলি না।’বিভিন্ন দোকানির এসব অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্য পরিদর্শক আবুল হাশেম বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী খাবার-দাবারের দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠানে যদি ঠিকমতো তদারকি করি, তাহলে কেউ দোকানদারি করতে পারবে না।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘শুধু সাধারণ ব্যবসায়ীরা নন, উপজেলা চেয়ারম্যানও আবুল হাসেমের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিয়েছেন।’এ ব্যাপারে যশোরের সিভিল সার্জন অরুণ কুমার শিকদার প্রথম আলোকে বলেন, তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর (স্যানিটারি ইন্সপেক্টর) বিরুদ্ধে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।