বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান ৫০-৬০ হাজার ভোটে জয়ী হবেন। তবে কারচুপি করে মনিরুজ্জামানকে হারানো হলে খুলনা থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। গতকাল মঙ্গলবার বিকেলে খুলনা নগরের হাজী মুহসীন রোডে ১৮-দলীয় জোটের সমর্থিত মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামানের প্রধান নির্বাচনী কার্যালয়ে ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তরিকুল এসব কথা বলেন। তরিকুল অভিযোগ করেন, খুলনায় সরকারি দলের মেয়র পদপ্রার্থীর পক্ষে ব্যাপক টাকা ছড়ানোর মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়ার চক্রান্ত চলছে। আইন লঙ্ঘন করে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান খালিশপুরে তালা প্রতীকের জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন। রেস্টহাউসে বসে নির্বাচন পরিচালনা করছেন। তিনি বলেন, ‘গণসংযোগে গেলে গরিব মানুষ বলে ভোট দিলেও তো ধরে রাখতে পারবেন না। বর্তমান সরকারের প্রার্থীর লোকেরা ভোট চুরি করবে। তাদের অনেক টাকা আছে, ভোট কিনে নেবে। আমরা তাঁদের বলেছি, টাকা আপনারা নেবেন, কিন্তু ভোট দেবেন মনিরুজ্জামানকে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা এম নূরুল ইসলাম, বিএনপির খুলনা জেলা সভাপতি মাজিদুল ইসলাম প্রমুখ।