কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সদ্য বিলুপ্ত কুমিল্লা পৌরসভার মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক। এ ছাড়া আরও তিনজন গতকাল মেয়র পদে মনোনয়নপত্র কেনেন।এ নিয়ে সিটি নির্বাচনে মেয়র পদে ১৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭২ জনসহ ৩৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন। আজ শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন। গতকাল পর্যন্ত মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ১১০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল দুপুরে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান। মনোনয়নপত্র নিলেন মনিরুল হক: মনিরুল হকের পক্ষে গতকাল দুপুরে আইনজীবী আবুল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ব্যাপারে মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘জনগণের চাপে পড়েই আমাকে নির্বাচন করতে হচ্ছে। পৌরসভার কাজের অভিজ্ঞতাকে ভোটাররা মূল্যায়ন করেছে। যে কারণে আমি মেয়র পদে প্রার্থী হচ্ছি।’ মনিরুল হক সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে একটি সূত্র জানাচ্ছে।মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও দলের কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক আফজল খান আজ শুক্রবার জুমার নামাজের পর মনোনয়নপত্র জমা দেবেন বলে তাঁর পরিবার সূত্র জানিয়েছে। আজ মনোনয়নপত্র জমা দেবেন সংগীতশিল্পী আসিফ আকবরও।আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: মেয়র পদপ্রার্থী মনিরুল হক গতকাল সকালে নগরের মুরাদপুর এলাকার গ্লোবাল কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন ডাকেন। সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে ওই সম্মেলন ডাকা হয়। যদিও তিনি ওই সম্মেলনে অনুপস্থিত ছিলেন। তাঁর পরও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তাঁকে লিখিতভাবে সতর্ক করা হয়। ২৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মো. আলমগীর অস্থায়ী ক্যাম্প করে প্রচারণা চালানোর কারণে তাঁকে সতর্ক করে দেয় নির্বাচন কমিশন।গণসংযোগে জামায়াত প্রার্থী: নির্বাচনে মেয়র পদে জামায়াত সমর্থিত প্রার্থী শহর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ গতকাল দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গণসংযোগ করেন।