মনিরুলের জয়, খালেদার সঙ্গে সাক্ষাৎ করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোটে নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনে প্রথম মেয়র নির্বাচিত হলেন মনিরুল হক সাক্কু। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও দলটির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আফজল খানের চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন।মেশিনে গণনা শেষে আজ বৃহস্পতিবার রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে মনিরুল হক পেয়েছেন ৬৫ হাজার ৫৭৭ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজল খান পেয়েছেন ৩৬ হাজার ৪৭১ ভোট। মোট ভোট পড়েছে এক লাখ ২৭ হাজার ৭২। ৬৫টি কেন্দ্রে মোট ভোটার এক লাখ ৬৯ হাজার ২৭৯ জন। কুমিল্লা টাউন হলে স্থাপিত নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।ইভিএম নিয়ে শুরু থেকে আপত্তি ছিল মনিরুল হকের। আজ সকালে ভোট গ্রহণের শুরুর দিকে তিনি সাংবাদিকদের কাছে ইভিএম ভোট গ্রহণ করা নিয়ে ভীতির কথাও বলেছিলেন। রাতে ফলাফল ঘোষণার পর মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন নিয়ে আমার মধ্যে অনেক সংশয় ছিল। ইভিএম নিয়ে ভীতিও ছিল। সবকিছু ম্লান করে দিয়ে আমি জয়ী হয়েছি।’ তিনি বলেন, ‘আমি জনগণের জন্য ত্যাগ করেছি, দল ছেড়েছি। জনতা আমাকে প্রতিদান দিয়েছে। ভোট দিয়ে ঋণী করেছে ফেলেছে। আমিও তাদের প্রতিদান দেব।’ভোটের ফলাফলের পর আফজল খানের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করলে তাঁর বড় ছেলে ও প্রধান নির্বাচনী এজেন্ট মাসুদ পারভেজ খান প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে। ইভিএমে দুই নম্বরী হওয়ার কোনো সুযোগ নেই। জনগণের সিদ্ধান্তকে সম্মান জানাই। মনিরুল হককে আমি নিজে অভিনন্দন জানিয়ে এসেছি।’কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভা মিলে চলতি বছরের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। সদ্য বিলুপ্ত কুমিল্লা পৌরসভার মেয়র মনিরুল হক ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য। ভোট গ্রহণে ইভিএম ব্যবহারের প্রতিবাদে বিএনপি এই নির্বাচন বয়কট করায় মনিরুল হক দল থেকে অব্যাহতি নিয়ে মেয়র পদে প্রার্থী হন।সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে মনিরুল হক ভোটে দাঁড়ালেও স্থানীয়ভাবে তিনি বিএনপির প্রার্থী হিসেবেই পরিচিত ছিলেন।বিজয়ী হওয়ার বিএনপিতে ফিরে যাবেন কি না, এ প্রশ্নের জবাবে গতরাতে মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘৩৩ বছর যে দল করেছি, তার প্রতি আমার গভীর অনুরাগ রয়েছে। শিগগিরই ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে দেখা করব। তাঁকে বোঝাব কেন আমি দল থেকে অব্যাহতি নিয়েছিলাম। আমার ভোটারদের সঙ্গেও কথা বলব।’প্রতিবেদন তৈরি করেছেন টিপু সুলতান, সেলিম জাহিদ, আনোয়ার হোসেন, গাজিউল হক ও লিপি রানী সাহা।