খোলনলচে বদলে ফেলা হয়েছে। ছিল থাই ও চায়নিজ খাবারের রেস্তোরাঁ। গুলশান এক নম্বর গোলচত্বরের মোড়ে। এখন সেটি পরিণত হয়েছে শিল্পালয়ে। গতকাল শনিবার সন্ধ্যায় ‘বেঙ্গল আর্ট লাউঞ্জ’ নামের এই নতুন গ্যালারির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো স্পেন-প্রবাসী বাংলাদেশের শিল্পী মনিরুল ইসলামের শিল্পকর্মের প্রদর্শনী দিয়ে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ‘বিচ্ছিন্নতা ও ধারাবাহিকতা’ শিরোনামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। নতুন গ্যালারিতে দর্শকদের স্বাগত জানান বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। শিল্পী মনিরুল ইসলাম ব্যক্ত করেন শিল্পকলা নিয়ে তাঁর প্রতিক্রিয়া। এই প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৪০টি। সব কটিই নানা ধরনের কাগজের ওপরে মিশ্র মাধ্যমের কাজ। প্রদর্শনী ২৩ ডিসেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত আটটা অবধি খোলা থাকবে।আগের রেস্তোরাঁটির ভেতরের সাজসজ্জা ভেঙে তিনটি প্রদর্শনী কক্ষ নিয়ে তৈরি করা হয়েছে গ্যালারিটি। কেরোসিন কাঠের টেক্সচার দেওয়া বিশেষ কংক্রিট ফলক দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে দেয়াল। মার্বেল পাথরের কুচি আর সরু মার্বেলফলক বিছানো দেয়ালের সঙ্গে মানানসই মেঝে। ছাদের সঙ্গে বসানো বাতিগুলো সিলিংয়ের ভেতরে এমন করে আটকানো যে, তার আলো দেয়ালে ঝোলানো ছবিগুলোতে প্রক্ষিপ্ত হয় ঠিকই, কিন্তু তার ছটায় দর্শকের চোখ ধাঁধিয়ে যায় না। সব মিলিয়ে সুরুচিসম্পন্ন ও অধুনিক।নতুন গ্যালারি সম্পর্কে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘গুলশান এলাকায় কোনো ভালো আর্ট গ্যালারি নেই। এখানে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন সংস্থায় কর্মরত ব্যক্তিরা থাকেন। আমাদের ধানমন্ডির গ্যালারিতে তাঁরা আসেন বটে, তবে যানজট পেরিয়ে ধানমন্ডি যাতায়াত করা বেশ ঝামেলার। সে কারণেই এখানে একটি বিশ্বমানের গ্যালারি করার কথা ভেবেছি। আমাদের শিল্পীদের কাজও এখন ক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হয়ে উঠছে। কাজেই বিশ্বমানের একটি গ্যালারির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সব দিক থেকেই নতুন এ গ্যালারিতে আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করা হয়েছে।’বেঙ্গলের নতুন প্রদর্শনীটি সম্পর্কে শিল্পী মনিরুল ইসলাম প্রথম আলোকে বলছিলেন, ‘এবার একটু আলাদা ধরনের কাজ করতে চেষ্টা করছি। বড় কাজ করোগেট বোর্ডে। করোগেট বোর্ডের ওপরে রঙের প্রলেপ দিলে বোর্ডের নিচের পরতের ঢেউ খেলানো অংশ রেখার মতো দ্যোতনা নিয়ে ওপরতলে উঠে আসে। এই ব্যাপারটা নানাভাবে ব্যবহার করছি। তা ছাড়া রঙের ক্ষেত্রেও প্রধানত দেশীয় উপকরণ ব্যবহার করছি। রেড অক্সাইড, জিংক অক্সাইড, এলামাটি, চাল পুড়িয়ে গুঁড়ো করে নানাভাবে রং তৈরি করেছি। এতে রঙের টোনে একটা বৈচিত্র্য আসে। এখন টিউবের অ্যাক্রেলিক রং খুবই জনপ্রিয়। ব্যবহার করাও সহজ। হাজার হাজার শিল্পী এই একই রং ব্যবহার করছেন। ফলে কাজে নিজস্ব বৈশিষ্ট্য থাকলেও রঙের টোনের ক্ষেত্রে কোনো বৈচিত্র্য পাওয়া যায় না। সরাসরি পিগমেন্টের সঙ্গে তেল মিশিয়ে কাজ করলে টোনের এই বৈচিত্র্য পাওয়া যায়। আমার কাজ যেহেতু ফর্ম, স্পেস ও রং নিয়ে, তাই সব সময় চেষ্টা করি টোনের ক্ষেত্রে স্বাতন্ত্র্য আনতে। আমাদের দেশে অনেক চমৎকার ভেষজ রং আছে। এগুলো যথাযথভাবে ব্যবহার করলে পটে রঙের বৈচিত্র্য আসে।’ মনিরুল ইসলামের কাজের সঙ্গে পরিচিত ব্যক্তিরা জানেন, দৃষ্টিতে এক স্নিগ্ধ প্রসন্ন এক মায়াবি অঞ্জন বুলিয়ে দেয় তাঁর রং-রেখার কাব্যিক সুষমা। সেখানে আকাশের নীল, অসীম অন্তরিক্ষ বা সাগরের বিপুল বিস্তারের ইঙ্গিত, নিসর্গ নীলিমার প্রচ্ছায়া। সব মিলিয়ে এক অনির্বচনীয় সৌন্দর্যের দ্যোতনা সৃষ্টি করে দর্শককে বিমোহিত করে রাখে তাঁর কাজ। ছাপচিত্রে তাঁর নিজস্ব রীতি স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। তাঁর সাম্প্রতিক কাজের এই প্রদর্শনীতে নির্মল আনন্দ পাবেন কলারসিকেরা।